২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা ফাটানোর কথা ছিল যুবলীগের সমাবেশে’

রেল স্টেশনে যে বোমার বিস্ফোরণে রেল নিরাপত্তাকর্মী আবুল কাশেম নিহত হন, তা কমলাপুরে যুবলীগের এক সমাবেশ পণ্ড করার জন্য আনা হচ্ছিল বলে দাবি করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 12:56 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বোমা বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে এই তথ্য পাওয়া গেছে বলে কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানিয়েছেন।

বিরোধী জোটের ঢাকা অভিমুখী যাত্রা কর্মসূচির দিন রোববার কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে বোমা বিস্ফোরণে নিহত হন কাশেম।

ওই বিস্ফোরণে আহত আলম (২০) ও আমিনুল (২০) নামে দুজনকে আটক করে পুলিশ। তারা ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশের দাবি।

আলম ও আমিনুলকে চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি মজিদ জানান। এরমধ্যেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দুজন জানিয়েছে, কমলাপুরের চলা যুবলীগের সমাবেশে বোমা মারার কথা ছিল। তাই তাদের নেতা দুটি শক্তিশালী বোমা দুটি তাদের কাছে দিয়েছিল।”

রেলকর্মীরা জানান, ডিউটি শেষে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম ধরে বাসায় ফেরার সময় দুজন লোককে একটি ব্যাগসহ আসতে দেখে কাশেমের সন্দেহ হয়। ওই দুজনের গতিরোধ করতে চেষ্টা করে ব্যাগে কী আছে তা দেখতে চান তিনি। তারা ব্যাগটি তার দিকে ছুড়ে মারলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে পুরো মুখমণ্ডলসহ কাশেমের শরীর দগ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আলম ও আমিনুলকে ধরে ফেলে রেলরক্ষীরা।

ওসি বলেন, আলম ও আমিনুলের দেয়া তথ্যানুযায়ী রোববার রাতে সাতটি বাসায় অভিযান চালানো হয়।

“প্রতিটি বাড়ি খোলা পাওয়া যায় এবং বাড়িতে মালামাল থাকলেও কাউকে পাওয়া যায়নি।”

এই হত্যাকাণ্ডের ঘটনায় রেলের নিরাপত্তাকর্মী হাবিলদার মোস্তাফিজুর রহমান বাদি হয়ে মামলা করেছেন। মামলায় আলম ও আমিনুল ছাড়াও অজ্ঞাত পরিচয়ের ৮/৯জনকে আসামি করা হয়েছে।

কাশেম (২৬) এর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানি গ্রামে। তার দুটি সন্তান রয়েছে।