২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুপ্রিম কোর্টে নৈরাজ্য আনতে চায় জামায়াত’

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রোববারের সংঘাতের জন্য বিরোধী জোট সমর্থক আইনজীবীদের দায়ী করেছেন সরকার সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 11:29 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সোমবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (একাংশ) আহ্বায়ক আব্দুল বাসেত মজুমদার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশে বলেন, কতিপয় আইনজীবী সুপ্রিম কোর্টকে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন।

“বিশেষ করে গতকাল (রোববার) যেভাবে আমাদের সুপ্রিম কোর্টকে ব্যবহার করেছে, এটা নজিরবিহীন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

বাইরের লোকজন এনে সুপ্রিম কোর্টের পরিবেশ নষ্ট করা হয়েছে দাবি করে বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বাসেত বলেন, “তারা সুপ্রিম কোর্টে যেভাবে সন্ত্রাস নৈরাজ্য করেছে, তা কোনভাবেই গ্রহণ করা যায় না।

“এদের অধিকাংশেই জামায়াত-শিবিরের ক্যাডার। বাংলাদেশকে পাকিস্তান করতে জামায়াত শিবির যেভাবে নৈরাজ্য চালাচ্ছে, সুপ্রিম কোর্টকে তারা এই উদ্দেশ্যই ব্যবহার করেছে।”

সুপ্রিম কোর্টের ‘জামায়াত-শিবিরের তাণ্ডবে’র প্রতিবাদে আইনজীবী সমিতি ভবনের সামনে সরকার সমর্থক আইনজীবীদের এই সমাবেশ হয়।

বাসেত বিরোধীদলীয় নেতার সমালোচনা করে বলেন, “তাদের নেত্রী বাংলাদেশের একটি জেলার নাম বদলে দেবেন বলেছেন। আসলে তিনি একটি জেলা নয়, বাংলাদেশকেই বদলে দিতে চান। উনি জানেন না, ওই জেলা কত পবিত্র। জাতির জনক বঙ্গবন্ধু এই জেলায় জন্মগ্রহণ করেছেন।”

সমাবেশে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি লায়েকুজ্জামান মোল্লা, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এসএম রেজাউল করিম, রবিউল আলম বুদু, মো. আজাহার উল্লাহ ভূঁইয়া, মোতাহার হোসেন সাজু, মো. ইকরামুল হক টুটুল, মো. আলী জিন্নাহ ব্ক্তব্য রাখেন।

দুপুরে সমাবেশের আগে সরকার সমর্থক আইনজীবীরা সমিতি ভবন থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সুপ্রিম কোর্টের মূল ফটকে কিছুক্ষণ অবস্থান করে। পরে তারা মিছিল নিয়ে আবার আইনজীবী সমিতি ভবনের সামনে এসে সমাবেশ করেন।

সরকার সমর্থক আইনজীবীদের জোট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের দুটি ধারা রয়েছে। একটির নেতৃত্বে রয়েছেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। অন্যটিকে নেতৃত্ব দিচ্ছেন বাসেত মজুমদার।

সোমবারের এই সমাবেশে উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।