ঢাকায় নির্বাচনী প্রচারে নামছেন হাসিনা
ভোট প্রতিরোধের ডাক দিয়ে বিরোধী জোটের লাগাতার অবরোধ শুরুর দিনেই ঢাকায় তিনটি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ঢাকায় নামার আগে মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকা রংপুরে কয়েকটি নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখেন।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধের ডাক দিয়ে ঘোষণা দিয়ে লাগাতার অবরোধ ডাকার আগেই সোমবার দলীয় প্রধানের এই কর্মসূচির ঘোষণা আসে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে।
১ জানুয়ারি বুধবার দুপুর ২টায় কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ৩টায় পল্লবী হারুন মোল্লা ঈদগাঁ খেলার মাঠ এবং বিকাল ৪টায় উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রবীন্দ্র সরণীতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।
এর আগে ফরিদপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জে জনসভা করে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
গত ২৭ ডিসেম্বর ফরিদপুরে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা।
আসন্ন দশম সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ হাসিনা।
৩ জানুয়ারি বেতার-টিভিতে ভাষণ
ভোটের আগে রাজনৈতিক দলের প্রধান হিসেবে ৩ জানুয়ারি শেখ হাসিনা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।
প্রতিটি সংসদ নির্বাচনের আগেই অংশগ্রহণকারী দলগুলোর প্রধান বা প্রতিনিধি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে বক্তব্য দেয়ার সুযোগ পান।
তবে এবার প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় ভাষণ দেয়ার সুযোগ হচ্ছে না খালেদা জিয়ার।
বিরোধী দলের বর্জনের মধ্যে ১৫৩টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামী ৫ জানুয়ারি ১৪৭ আসনে ভোটগ্রহণ হবে।
বিধি অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে ৩ জানুয়ারি রাত ১২টার পর থেকে (৪ জানুয়ারি প্রথম প্রহর) নির্বাচনী প্রচার চালানো যাবে না।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম মঙ্গলবার ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তার দলের প্রধান শেখ হাসিনা ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এবার ১২টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে প্রার্থী সংখ্যা অনুপাতে দলগুলোর জন্যে সময় নির্ধারণ হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।
বিকালে এইচ টি ইমাম ও মসিউর রহমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করেন। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমাম।
নির্বাচনী আচরণবিধি অনুসরণ করতে গিয়ে ২ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ নির্বাচনী সমাবেশ করবে না বলে জানান তিনি।
অবরোধও ভেঙে ফেলতে পারব: ইমাম
‘আসুন, এগিয়ে যাই সমৃদ্ধির মহাসড়কে’
এবার টানা অবরোধ
