২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিচ্ছে সরকার: ফখরুল

নির্যাতন চালিয়ে সরকার দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 09:30 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বিরোধী জোটের মহানগর-জেলা-উপজেলায় রাজপথ-রেলপথ-নৌপথে অবস্থান কর্মসূচিতে বাধা দিলে তার পরিণতি শুভ হবে না বলেও সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি রোববার পুলিশি বাধায় পণ্ড হয়ে যাওয়ার পর রাতে এক বিবৃতিতে ফখরুল এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার হরণ করে সরকার দুঃশাসনের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে নির্লজ্জ মিথ্যাচার, নজিরবিহীন অত্যাচার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থাকে ভিন্ন আঙ্গিকে পুনরায় কায়েম করতে তারা ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে।

“আজ দলের সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীসহ আইনজীবী ও নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। গণগ্রেপ্তারের মাধ্যমে নিরীহ মানুষকে চরম হয়রানি করছে। দেশকে তারা চরম নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।”

নয়া পল্টনে রোববার সমাবেশের কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানে সেখানে ভিড়তে পারেনি ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। বিরোধীদলীয় জোটের নেতা খালেদা জিয়াও পুলিশের বাধার মুখে বাড়ি থেকে বের হতে পারেননি।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

দলীয় চেয়ারপারসনকে ‘অবরুদ্ধ’ করে রাখা এবং সমাবেশে যেতে বাধা দেয়ার নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, “সরকার গত দুই দিন যাবত দেশের সব রাজপথ, রেলপথ ও নৌপথ অবরুদ্ধ করে রাখে। জেলায় জেলায় গণগ্রেপ্তার ও আওয়ামী সন্ত্রাসীদের লাঠি মিছিলের মাধ্যমে এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে দমনের অপচেষ্টা করছে।”

বিবৃতিতে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সমাবেশ এবং সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলার নিন্দাও জানান ফখরুল।

কর্মসূচি চলবে: খালেদা

নির্বাচন পর্যন্ত কর্মসূচি চলবে: বিএনপি