খালেদা আবারো ব্যর্থ হয়েছেন: আশরাফ
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
“খালেদা জিয়া আবারো ব্যর্থ হয়েছেন। কারণ এই কর্মসূচির সঙ্গে জনগণের আত্মিক কোনো সম্পর্ক নেই,” বলেছেন তিনি।
নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে ১৮ দলের এই কর্মসূচি নিয়ে দেশজুড়ে উত্তেজনার মধ্যে রোববার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আশরাফ।
আগামী ৫ জানুয়ারির নির্বাচন থেকে আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটবে না বলে আবার ঘোষণা দেন তিনি। নির্বাচন স্থগিতের পক্ষে মত প্রকাশকারী নাগরিক সমাজের প্রতিনিধিদেরও তীব্র সমালোচনা করেন তিনি।
আশরাফ বলেন, “আপনারা (সাংবাদিক) ভয়ানক ভয়ানক হেডলাইন করেছিলেন। কী হয়েছে, কিছুই হয়নি। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত হয়নি।”
বিরোধী দলের এই কর্মসূচিকে চুপসানো বেলুন আখ্যায়িত করে তিনি বলেন, “বেলুনে আলপিন দিয়ে খোঁচা দিলে দুইভাবে বাতাস বের হয়। এক. আওয়াজ করে; দুই. ফুস করে। যেটা হয়েছে তা হল ‘ড্যাম্প স্কুইব’।”
“জানমালের ক্ষতি করে কোনো দাবি আদায় করতে কেউ পারে নাই। এবারো খালেদা জিয়া পারবেন না,” নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধী নেত্রীর উদ্দেশে বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
তিনি মন্তব্য করেন, কর্মসূচি দিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ও বাধার সৃষ্টি করা ছাড়া বিএনপি কিছুই করতে পারবে না।
পুলিশের ব্যাপক তৎপরতায় কার্যত বিচ্ছিন্ন রাজধানীতে রোববার নির্ধারিত সমাবেশ বিএনপি করতে না পারলেও রাজপথে লাঠিহাতে অবস্থান ছিল ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের।
তবে আশরাফ দাবি করেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের কোনো ধরনের বাধা দেয়া হয়নি।
“কাউকেই বাধা দেয়া হচ্ছে না। তারা স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারেন। আমরা অনুরোধ করব যেন কর্মসূচির নামে আর লাশ না পড়ে।”
রোববারের এই কর্মসূচির সময় রাজধানীর মালিবাগে সংঘর্ষে একজন নিহত হন। এছাড়া জাতীয় প্রেসক্লাব ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরকার সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ বাঁধে।
সুপ্রিম কোর্টের ঘটনার জন্য ছাত্রদল, যুবদল ও ইসলামী ছাত্রশিবিরকর্মীদের দায়ী করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। সেখানে আইনজীবীদের সঙ্গে বিএনপির নেতাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
“সেখানে আমরা আইনজীবী হিসেবে দেখলাম মাহবুবুর রহমান, আলতাফ হোসেন চৌধুরী এবং ওসমান ফারুককে। তারা কেউই আইনজীবী না। এদের নেতৃত্বেই সেখানে অরাজকতা সৃষ্টি করা হয়েছে।”
সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলার কথা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, “এসময় তো সেখানে এত আইনজীবী থাকার কথা নয়।”
‘নাটক করেছেন’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাড়ি থেকে বের হওয়া নিয়ে ‘নাটক’ করেছেন বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
খালেদা জিয়ার বিএনপির কার্যালয়ে সামনে যাওয়ার কোনো ‘ইচ্ছা’ ছিল না বলেও দাবি করেন আশরাফ।
বিরোধীদলীয় নেতার বাড়িতে পুলিশের কড়াকড়ির বিষয়ে তিনি বলেন, তার ও তার দলের অনুরোধেই ওই বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। সমাবেশে যোগ দেয়ার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তিনি আবেদন করেননি।
“তিনি ক্যামেরায় পোজ দিলেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করলেন। বেয়াদব বললেন... এক পুলিশ কর্মকর্তাকে দেখে নেয়ারও হুমকি দিলেন।”
“এই অরাজকতা ও শিষ্টাচারবিরোধী কর্মকাণ্ডের ঘৃণা প্রকাশ করি। তিনি বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছেন।”
খালেদা জিয়ার পুলিশ প্রটোকল প্রত্যাহারের অভিযোগও অস্বীকার করেন মন্ত্রী আশরাফ।
