কড়াকড়ি, উৎকণ্ঠা
আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র পাহারা, তল্লাশি ও জনমনে উৎকণ্ঠার মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির ‘ঢাকা অভিযাত্রা’ ও সমাবেশের দিন।
উত্তরা, গাবতলী, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ- রাজধানীতে প্রবেশের সবগুলো পথেই পুলিশ, র্যাব ও বিজিবির কড়াকড়ির মধ্যে যান চলাচল বন্ধ।
রোববার সকাল থেকে সদরঘাটে কোনো লঞ্চ ভেড়েনি, ছেড়েও যায়নি। বুড়িগঙ্গায় খেয়া নৌকা পারাপারও বন্ধ।
রেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সময়সূচির গড়বড়ে শনিবার থেকে ট্রেন চলাচলও কার্যত বন্ধ।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত এক কিলোমিটার সড়ক কার্যত অবরুদ্ধ। ওই সড়কে সাধারণ যানবাহনও চলাচল করছে না। পায়ে হেঁটে চলাচলও সীমিত করা হয়েছে।
‘ঢাকামুখী অভিযাত্রা’ শেষে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনেই সকাল ১০টায় সমাবেশ শুরুর ঘোষণা থাকলেও সেখানে বিএনপি বা ১৮ দলীয় জোটের কাউকে দেখা যাচ্ছে না। পুলিশ সমাবেশের অনুমতি না দেয়ায় মঞ্চও তৈরি করা হয়নি।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, নয়া পল্টন ছাড়াও মগবাজার, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর, জাতীয় প্রেসক্লাব, ফকিরাপুল, রাজারবাগ, আরামবাগ, রাজউক এভিনিউসহ পুরো এলাকায় আইন শৃংখলাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিএনপি কার্যালয়ের সামনে রয়েছে জলকামান, টহল দিচ্ছে পুলিশের সাঁজোয়া যান।
প্রতিটি রাস্তায় সন্দেহ হলেই যানবাহন ও পথচারীদের তল্লাশি চালানো হচ্ছে। পোশাক খাতের নারী কর্মীদেরও কর্মস্থলে যেতে পরিচয়পত্র দেখাতে হচ্ছে।
মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার পুলিশ সে ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।”
রোববার ভোরে রাজধানীর কলাবাগানের একটি মেস থেকে সন্দেহভাজন অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
প্রেসক্লাব এলাকায় সড়কে তল্লাসি চৌকি বসিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান।
তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ এক ধরনের ফিল্টারিং করছে। যাদের আটক করা হয়েছে তাদের কেউ ভাল হলে ছেড়ে দেয়া হবে, আর খারাপ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
উত্তরায়ও সড়কে তল্লাসি চৌকি বসিয়ে সন্দেহভাজন প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।
বিএনপির কার্যালয়ের সামনের সড়কের দুই পাশের উঁচু ভবনগুলোতেও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ওই সড়কের অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ।
সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলছে না। অটোরিকশা ও টেম্পো চলাচল করলেও সংখ্যায় খুবই কম। ফলে বিভিন্ন মোড়ে মোড়ে কর্মজীবী মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানবাহনের আশায়।
টানা পাঁচ দফা অবরোধে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও শতাধিক লোকের মৃত্যুর পর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সবাইকে ঢাকায় জড়ো করার এই কর্মসূচি দেয়ার পর এমনিতেই জনমনে তৈরি হয়েছিল উদ্বেগ, উৎকণ্ঠা। তাদের এই কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ও যানবাহন চলাচল সীমিত করায় সাধারণ মানুষের উদ্বেগের সঙ্গে যোগ হয় দুর্ভোগ।
গত মঙ্গলবার ‘ঢাকামুখী কর্মসূচি’ ঘোষণার পরপরই গুলশানে খালেদা জিয়ার বাড়ির পাহারায় পুলিশ বাড়ানো হয়। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলের সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ জানান, পুলিশের অনুমতি না মিললেও রোববার দলীয় প্রধান খালেদা জিয়ার উপস্থিতিতেই পল্টনে সমাবেশ হবে।
এর পরপরই বিরোধীদলীয় নেতার গুলশানের বাড়িতে পুলিশ পাহারা জোরদার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বলেন, বিরোধী দলের নেত্রীর ‘অধিকতর নিরাপত্তার জন্যই’ এ ব্যবস্থা।
খালেদা জিয়ার ব্যাক্তিগত প্রটোকলের গাড়ি সরিয়ে দেয়া হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করলেও তা অস্বীকার করেন নুরুল আলম।
এদিকে সরকারের একাধিক মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও বিরোধী দলের এই কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। শনিবার রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে মিছিলও করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
ঢাকায় ঢোকার পথ প্রায় বন্ধ
রাজধানীর প্রবেশ পথগুলোতে তল্লাসি চৌকি বসিয়ে পথচারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সকালে সদরঘাটে কোনো লঞ্চ আসেনি বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএর টিআই সৈয়দ মাহফুজুর রহমান। কোনো লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়নি বলেও জানান তিনি।
বুড়িগঙ্গা নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
মান্দাইল ঘাটের মাঝি শফিকুল ইসলাম বলেন, “কাল পুলিশ আমাদের ডেকে নিয়ে বলেছে, রোববার কোনো ধরনের নৌকা চালাবেন না।”
সকালে কেরানীগঞ্জের রসুলপুর খেয়া ঘাটে আওয়ামী লীগ কর্মীরা দুই সাইকেল আরোহীকে মারধর করে ফিরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ জামান বলেন, “বিষয়টি আমার জানা নাই।”
সকালে শোয়ারি ঘাট থেকে মাছ কিনে বরিশুর বাজারে যেতে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন মাছ ব্যবসায়ী বিজয় বর্মন।
কোনো কিছু না পেয়ে এক পর্যায়ে বাবুবাজার ব্রিজ দিয়ে হেঁটেই রওনা হন তিনি।
বাবুবাজার ব্রিজের গোড়ায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। ব্রিজের ওপর দিয়ে কোনো যান চলাচল করছে না। কেউ কেউ পায়ে হেঁটে চলাফেরা করছেন।
কাউকে সন্দেহভাজন মনে করলে তল্লাসি চালানো হচ্ছে বলে পুলিশের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জামাল হোসেন জানিয়েছেন।
সকালে গাবতলী, আমিনবাজার ও কল্যাণপুর এলাকায় সড়কে কোনো বাস চলতে দেখা যায়নি। কাঁচামাল বহনকারী ট্রাক চলছে।
গাবতলী পর্বত সিনেমা হলের সামনে বিপুল সংখ্যক বিজিবি ও র্যাব সদস্যদের দেখা গেছে। উল্টোদিকে মিরপুরের রাস্তায় রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।
কাউকে সন্দেহ করলে তল্লাসি ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার (পেট্রোল) রাজিবুল ইসলাম বলেন, “সকাল থেকে আমাদের সতর্ক অবস্থান রয়েছে। কেউ মিছিল নিয়ে আসেনি। কোনো সংঘর্ষের ঘটনাও ঘটেনি।”
জনগণের নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজনদের তল্লাসি চালানো হচ্ছে বলে জানান তিনি।
গাজীপুর ও উত্তরায়ও সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাসি চালানো হচ্ছে।
উত্তরা থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানান, টঙ্গী সেতুর কাছাকাছি এলাকায় সড়কে তল্লাসি চালিয়ে প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে।
““তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সাধারণ যাত্রী মনে হলে ছেড়ে দেয়া হবে। আর বিরোধী দলের ঢাকায় অভিযাত্রার কর্মী প্রমাণিত হলে গ্রেপ্তার দেখানো হবে,” বলেন তিনি।
একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাসি দেখা গেছে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় প্রবেশের পথেও। সেখানে সেনাবাহিনী মাইকিং করে জনগণকে সতর্ক করছে।
ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সোনারগাঁয়ের মেঘনাঘাট, মুগড়াপাড়া, কাঁচপুর, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায়, কাঞ্চন এলাকার সুলতানা কামাল সেতু এলাকায় একই ধরনের তল্লাশি চলছে।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু বিএনপির ঢাকা অভিযাত্রার অনুমতি নেই তাই সেখানে অংশ নেয়া বেআইনি। কেউ যাওয়ার চেষ্টা করলে সেটা ফৌজদারি অপরাধ হবে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন।
খালেদার বাড়িতে পাহারা জোরদার
সমাবেশ হবে, থাকবেন খালেদাও: বিএনপি
