২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার প্রটোকল প্রত্যাহারের অভিযোগ

বিরোধী দলীয় নেতার খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 09:30 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শনিবার রাতে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা জানতে পেরেছি রাত ৮টার দিকে বিরোধী দলীয় নেতার গুলশানের বাসভবনের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

“নেত্রীর নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশও সরকার অবৈধ ও বেআইনিভাবে প্রত্যাহার করে নিয়েছে। আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।”

বিরোধী দলীয় নেতার সার্বিক নিরাপত্তা ও তার স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিতেও সরকারের প্রতি দাবি জানান তিনি।

সন্ধ্যায় বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহমেদের সংবাদ সম্মেলনের পর খালেদার গুলশানের বাড়ির সামনের সড়কে দুই পাশেই ব্যারিকেড তৈরি করে পুলিশ। ফটকের সামনে মহিলা পুলিশও দেখা গেছে।

রাত ৮টার দিকে খালেদা জিয়ার দলীয় কার্যালয়ে যাওয়ার কথা ছিল।

দলের সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন যাতে কার্যালয়ে যেতে না পারেন সে জন্য বাসার সামনের সড়কের দুই দিকে পুলিশের গাড়ির পেছনে দুটি বালুর ট্রাক এলোপাথারি রেখে ব্যারিকেড দেয়া হয়েছে।