২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্ন করতেই খালেদার বাসা অবরুদ্ধ: নজরুল  

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, নেতাকর্মী থেকে বিচ্ছিন্ন করতে সরকার বিরোধী দলীয় নেতার বাসায় ও কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 08:19 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির এই সদস্য এ অভিযোগ করেন।

তিনি বলেন, “মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর থেকে বিরোধী দলীয় নেতার গুলশানের বাসা ও তার রাজনৈতিক কার্যালয়ের সামনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। বিরোধী দলীয় নেতার বাসায় নেতৃবৃন্দ এবংকি আত্মীয় স্বজনকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।”

“কেবল তাই নয়, তার গুলশানের কার্যালয়ে নেতা-কর্মীদের ঢুকতে দেয়া হচ্ছে না। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকার বিরোধী দলীয় নেতাকে কর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন করার অকৌশল নিয়েছে। আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই।”

বুধবার গুলশানের বাসার সামনে থেকে সাবেক সাংসদ সরদার সাখাওয়ার হোসেন বকুল, কার্যালয়ের কাছ থেকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, সাংসদ শাম্মী আখতার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিদ আউয়ালসহ কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।

অবশ্য পরে আর এ গনিকে পুলিশ তার বাসায় পৌঁছে দেয়।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সরকার ২৯ ডিসেম্বরের গণতন্ত্রের অভিযাত্রার কর্মসূচি বাধা দিতেই এভাবে বিএনপির কার্যালয়কে অবরুদ্ধ করে রেখেছে। নয় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি গত কয়েক মাস যাবৎ একরকম অবরুদ্ধ অবস্থায় আছে।”

এ সময়ে দলের সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।

এদিকে দলের সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী অভিযোগ করে বলেন, “বিরোধী দলীয় নেতার বাসায় ও কার্যালয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আমরা কেউ তার সঙ্গে গত দুইদিন সাক্ষাৎ করতে পারছি না। অবস্থা দেখে মনে হচ্ছে বিরোধী দলীয় নেতা একরকম অবরুদ্ধ হয়ে আছেন।