২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা অভিযাত্রায় ‘নৈতিক সমর্থন’ এনডিএফের

খালেদা জিয়া ঘোষিত ঢাকা অভিযাত্রায় ‘নৈতিক সমর্থন’ দেয়ার ঘোষণা দিয়েছে বিকল্পধারা, জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগকে নিয়ে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এনডিএফ নামে নতুন এই রাজনৈতিক জোটের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকল্পধারা সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, “দেশ কঠিন অবস্থার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। নির্বাচনের নামে সরকার তামাশা করছে। আমাদের প্রিয় বন্ধু প্রতিবেশী দেশটি ছাড়া পৃথিবীর কোনো দেশ এই নির্বাচনের পক্ষে নেই। বন্ধু প্রতিবেশী দেশের এই অবস্থানে আমরা হতাশ হয়েছি।”

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “এই নতুন ফ্রন্টে আমরা কেবল তিনটি দলই নয়। সবার জন্য এই ফ্রন্টের দরজা খোলা রেখেছি। যেকেনো দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও প্রগতিশীল দল, সংগঠন ও ব্যক্তি এই ফ্রন্টের নীতিমালার সঙ্গে একমত হলে যুক্ত হতে পারবেন।”

সংবাদ সম্মেলনে আ স ম আবদুর রব ও কাদের সিদ্দিকীও বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন নতুন জোটের নীতি ও ঘোষণাপত্র পাঠ করেন।

ঘোষণাপত্রে বলা হয়, ‘একতরফা’ নির্বাচন বাতিলের যেকোনো কর্মসূচিতে তারা নৈতিক সমর্থন দেবে। বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে নির্বাচনের তফসিল বাতিলও দাবি করা হয় এতে।

যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ফ্রন্ট সোচ্চার থাকবে উল্লেখ করে  ঘোষণাপত্রে বলা হয়, যুদ্ধাপরাধীর পক্ষে কোনো শ্লোগান উচ্চারিত না হয় পর্যন্ত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ঘোষিত ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখী গণতন্ত্রের অভিযাত্রার কর্মসূচিতে নতুন ফ্রন্টের নৈতিক সমর্থন থাকবে।

মঞ্চে তিন নেতার পাশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসরিন সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান খোকা, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন উপস্থিত ছিলেন।