সাংসদ একরামুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ
নোয়াখালীর সরকার দলীয় নেতা ও সাংসদ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে হাতিয়ার দলীয় প্রার্থীর আনা ‘ভোটারদের মধ্যে ভীতি সঞ্চারের’ অভিযোগের সত্যতা পায়নি পুলিশ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুলের ওই অভিযোগে মঙ্গলবার রাতে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী আয়েশা ফেরদৌস।
তবে ওই সাধারণ ডায়েরির (নম্বর ৮৪৪) অভিযোগের তদন্তে কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঙ্গলবার স্থানীয় সরকার সচিব এবং স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী সরকারি কাজে হাতিয়া যায়। তাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরীও ছিলেন।
“তবে, এসময় তিনি নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কোনো বক্তব্য বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।”
সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, একরামুল করিম চৌধুরী হেলিকপ্টারযোগে হাতিয়ার নিঝুম দ্বীপ, উপজেলা সদরের দ্বীপ উন্নয়ন সংস্থা ও চানন্দী ইউনিয়নের বয়ার চরে গিয়ে জনগণকে দলীয় প্রার্থীর প্রতীক নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর হরিণের পক্ষে ভোট দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং প্রশাসনকে প্রভাবিত করেন।
সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, বুধ ও বৃহস্পতিবার হাতিয়া থানার এস আই মনিরুজ্জামান ওই অভিযোগের তদন্ত করে অভিযোগে কোনো সত্যতা পাননি।
তদন্ত প্রতিবেদন থানায় সাধারণ ডায়েরিভুক্ত (নম্বর ৯১৫) করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী দাবি করেন তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি দেখার জন্য হাতিয়ায় গেলেও কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেননি।
