২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ সাংসদের বিরুদ্ধে জিডি দলীয় প্রার্থীর

নোয়াখালীর হাতিয়ায় ভোটারদের মধ্যে ভীতি সঞ্চারের অভিযোগে আওয়ামী লীগের এক সংসদ সদস্যের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই দলেরই এক প্রার্থী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে হাতিয়া থানায় মঙ্গলবার রাতে এ জিডি (নম্বর ৮৪৪) করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়েশা ফেরদৌস।

ভোটারদের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষ্যে একরামুল করিম চৌধুরী মঙ্গলবার হাতিয়া যান বলে জিডিতে অভিযোগ করা হয়।

ডায়েরিতে বলা হয়, একরামুল করিম মঙ্গলবার হেলিকপ্টারযোগে হাতিয়ার নিঝুম দ্বীপ, উপজেলা সদরের দ্বীপ উন্নয়ন সংস্থা ও চানন্দী ইউনিয়নের বয়ার চরে গিয়ে জনগণকে দলীয় প্রার্থীর প্রতীক নৌকার বিপক্ষে এবং স্বতন্ত্র প্রার্থীর হরিণের পক্ষে ভোটে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন।

তিনি প্রশাসনকে প্রভাবিত করবেন বলেও ভোটারদের জানান, জিডিতে উল্লেখ করা হয়।

হাতিয়া থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যপারে যোগাযোগ করা হলে একরামুল করিম চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নয় বরং সরকারি কাজে নিঝুম দ্বীপ ও বয়ার চরে গিয়েছিলেন তিনি।