২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ উঠল, সুযোগ মিললো মওদুদদের

নিজেদের দলের ডাকা দফায় দফায় অবরোধে ২০ দিন ঝুলে থাকার পর অবশেষে হাই কোর্টে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতার জামিন আবেদনের শুনানি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 02:14 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

কারাবন্দি এই নেতাদের পক্ষে তাদের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৃহস্পতিবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চে জামিনের উপস্থাপন করেন।

এ বিষয়ে শুনানি করে আদালত আগামী রোববার আদেশের দিন রেখেছে।

এই পাঁচ নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

হরতালে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনায় মতিঝিল থানার দুটি মামলায় তারা কারাগারে রয়েছেন।

গত ৪ ও ৫ ডিসেম্বর হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের জামিন আবেদন জমা দেয়া হলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পাঁচ দফা অবরোধের কারণে তা শুনানির জন্যে বেঞ্চে তোলা সম্ভব হচ্ছিল না।   

বৃহস্পতিবার আদালতে মওদুদের পক্ষে পক্ষে শুনানি করেন সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও শিমুল বিশ্বাসের পক্ষে ছিলেন জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

আর আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার পর ওই পাঁচ নেতাকে আটক করে পুলিশ।

পরে তাদের ৫ নভেম্বরের হরতালে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বরে মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক গত ২৮ নভেম্বর তাদের জামিন আবেদন নাকচ করে দিলে হাই কোর্টে এই জামিন আবেদন করেন বিএনপি নেতাদের আইনজীবীরা।

গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৬ নভেম্বর থেকে এ পর‌্যন্ত পাঁচ দফা অবরোধ ডাকে বিএনপি। সরকারি ছুটির দিনগুলো ছাড়া প্রতিদিনই এই অবরোধ চলে।

ফলে শীতকালীন অবকাশের আগে আদালত এক সপ্তাহ পুরোদমে চলার কথা থাকলেও অবরোধের কারণে স্বাভাবিক কার‌্যক্রম বন্ধ থাকে।

এরপর শীতকালীন অবকাশে অবকাশকালীন বেঞ্চ থাকলেও একই কারণে শুনানি হয়নি বিএনপি নেতাদের সেই আবেদনের।

টানা অবরোধের পর মঙ্গলবার নির্বাচন প্রতিহতে সবাইকে ঢাকায় আসার ডাক দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এরপর বৃহস্পতিবারই প্রথম উচ্চ আদালতে জামিনের বেঞ্চ বসে।

পুরনো খবর:

হাই কোর্টে মওদুদদের জামিন আবেদন