কাজী জাফরের শোনা খালেদার ‘সেরা’ ভাষণ
সংবাদ সম্মেলনে মঙ্গলবার দেয়া খালেদা জিয়ার বক্তব্যকে বিএনপি চেয়ারপারসনের সেরা ভাষণ মনে করছেন বর্ষীয়াণ রাজনীতিক কাজী জাফর আহমেদ।
গত শতকের ষাটের দশকে বামপন্থী আন্দোলনে যুক্ত হয়ে রাজনীতিতে পা রাখার পর দুই সামরিক শাসকের সঙ্গে থাকা কাজী জাফর বুধবার তার নবগঠিত দলের সভার পর সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, “গতকাল দেশনেত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন, তা ঐতিহাসিক ও সময়োপযোগী হয়েছে। রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন।
“আমরা ইতিহাসের মাহেন্দ্র ক্ষণে আছি। এখন যা চলছে, তা হল নবসৃষ্টির প্রসব বেদনা। এ রকম একটি সময়ে বিএনপি চেয়ারপার্সন যে বক্তব্য গতকাল দিয়েছেন, তা এখন পর্যন্ত আমার শোনা তার সেরা ভাষণ।”
নির্বাচন স্থগিত করে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত খালেদা জিয়া সংবাদ সম্মেলনে সরকারকে সমঝোতার আহ্বান জানান। সেই সঙ্গে একতরফা নির্বাচন রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আগামী রোববার সবাইকে ঢাকায় অবস্থান নিতেও ডেকেছেন তিনি।
খালেদার ডাকে সাড়া দিয়ে ২৯ ডিসেম্বরের কর্মসূচিতে অংশ নেয়ার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান নবগঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর।
এইচ এম এরশাদের জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজে এই জাতীয় পার্টি গঠনের আগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দুবার দেখা করেন তিনি।
“আমরা এটি (২৯ তারিখের সমাবেশ) সমর্থন করছি এবং আগামী ২৯ তারিখ আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে সেই সমাবেশে একাত্মতা ঘোষণা করব।”
তবে বিএনপি কিংবা ১৮ দলীয় জোটে এখনি যুক্ত হচ্ছেন না বলে জানান তিনি।
কাজী জাফর বলেন, নিজেদের দলীয় ব্যানার নিয়ে চলমান আন্দোলনে অংশগ্রহণ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ এবং জেএসডিসহ সমমনা দলগুলোর সঙ্গে জোট গঠন, ১৮ দলীয় জোটের অন্তর্ভুক্ত হওয়া- এই তিনটি বিষয়ই তাদের ভাবনায় রয়েছে।
“প্রেসিডিয়াম বৈঠকে এ বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হবে, তা আপনারা ঠিক সময়ে জানতে পারবেন,” বলেন তিনি।
দল গঠনের পর রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বুধবার সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন কাজী জাফর। দলের মহাসচিব গোলাম মসীহসহ অন্য নেতারাও তার সঙ্গে ছিলেন।
এরশাদ ‘পুতুল নাচের রাজা’
জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন প্রায় তিন দশক তার সঙ্গে রাজনীতিতে থাকার পর বহিষ্কৃত কাজী জাফর।
তিনি বলেন, “আমাদের দেশে আছেন এক পুতুল নাচের রাজা। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন কথা বলেন, বিভিন্ন অবস্থান গ্রহণ করেন।
“আমি তার নাম উল্লেখ করতে চাই না। তিনি আমাদের পার্টির সাবেক চেয়ারম্যান এবং এ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি।”
এই নিয়ে দলে মতবিরোধের মধ্যে নাটকীয়ভাবে সিএমএইচে ভর্তি হন এরশাদ। তিনি নিজে সাংবাদিকদের সামনে না আসায় তার এবং জাতীয় পার্টির অবস্থান নিয়ে পরস্পরবিরোধী বিভিন্ন বক্তব্য আসছে।
কাজী জাফর বলেন, “তার আটকের বিষয়টি বেশ অদ্ভুত। তিনি বলছেন যে তাকে আটক করা হয়েছে।
“অথচ এই আটক অবস্থাতেই তিনি গলফ খেলছেন, পার্টি পরিচালনা করছেন, যাকে খুশি তাকে প্রমোশন দিচ্ছেন, যাকে খুশি বের করে দিচ্ছেন। গোটা ব্যাপারটা যথেষ্ট অস্পষ্ট।”
“এই পুতুল নাচের রাজার খেয়ালখুশির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেই আমরা আমাদের এই নতুন অভিযাত্রা শুরু করেছি,” বলেন বহিষ্কৃত হওয়ার পর এরশাদকে দল থেকে অপসারণের ঘোষণা দেয়া কাজী জাফর।
