২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবায় আ. লীগের নির্বাচনী সভায় বোমা হামলা

রাজশাহীর পবা উপজেলায় এক আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভায় হাতবোমা হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 07:42 PM

Updated : 25 Apr 2022, 07:42 PM

বুধবার বিকাল সাড়ে ৪টায় হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা শুরুর কিছুক্ষণ আগে ১৫/২০ জন যুবক এ হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ পলাশসহ আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিস্ফোরণের পর ‘নারায়ের তাকবির’ শ্লোগান দেয় হামলাকারীরা। এ সময় জনসভার লোকজনের ধাওয়ায় তারা পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে সভার কাজ সম্পন্ন করা হয়।

মতিহার থানার ওসি মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার সময় সমাবেশস্থলে পুলিশ ছিল। আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে মিশে গিয়ে জামায়াত-শিবির কর্মীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

কাটাখালি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রউফ নান্নু জানান, হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজশহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী আয়েন উদ্দিনের নির্বাচনী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং প্রার্থী আয়েন উদ্দিনের উপস্থিত থাকার কথা ছিল।

আব্দুর রউফ বলেন, বিকাল ৪টার দিকে জনসভাস্থলে লোকজন জড়ো হওয়া শুরু করে। অতিথিরা পৌঁছার আগে ১৫/২০ জন যুবক বিদ্যালয় মাঠের পশ্চিম দিক দিয়ে এসে সভাস্থলে ঢোকে।

সাড়ে ৪টায় সেখানে তারা একসঙ্গে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় হামলাকারীরা নারায়েক তাকবির শ্লোগান দিয়ে পূর্ব দিক দিয়ে চলে যেতে থাকে।

পরে উপস্থিত নেতাকর্মীরা সংগঠিত হয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায় বলে জানান আব্দুর রউফ।

বিকাল পৌনে ৫টার দিকে অতিরিক্ত দুই ট্রাক পুলিশসহ অতিথিরা এলে সভা শুরু হয়।

প্রার্থী আয়েন উদ্দিন তার বক্তৃতায় বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই এ হামলা করেছে।

কানে বোমার স্প্লিন্টারে আহত ছাত্রলীগ নেতা পলাশ দাবি করেন, হামলাকারীরা সবাই শিবিরকর্মী।