২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদলের ঢিলেঢালা হরতাল

ভারপ্রাপ্ত সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদলের ডাকা হরতাল শেষ হয়েছে ঢিলেঢালাভাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 11:17 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

বিরোধীজোটের পঞ্চম দফা অবরোধের মধ্যে ডাকা হরতাল এই হরতাল নতুন কোন মাত্রা যোগ করেনি। নগরীতে গণ-পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহনও চলাচল করেছে।

কয়েকটি স্থানে বিআরটিসি বাস চলাচল করতেও দেখা গেছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  নগরীতে কোথাও কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

অন্যান্য দিনের মতো সোমবার সকালেও মিছিল সমাবেশ করে কর্মসূচি শেষ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

তবে নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ দাবি করেছেন, হরতাল ও অবরোধের সমর্থনে নগরের বিভিন্ন এলাকায় আলাদাভাবে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

তিনি জানান, নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলী, শাহ আমানত ব্রিজ ও কাজীর দেউড়ি এলাকায় মিছিল-সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় দুইটি কভার্ড ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটলেও সকাল থেকে মহাসড়কে যানচলাচল করছে।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের আশেপাশে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  রাতে ইকোপার্ক গেইটের কাছে দুইটি কভার্ড ভ্যানে আগুন দেয়া হয়।

এরপর আশে পাশের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া।

তবে মহাসড়কে আগের বিভিন্ন তাণ্ডবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।