‘বিরোধী দল না আসা সুখকর নয়, কিন্তু উপায় কী’
বিএনপিবিহীন নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের অনড় মনোভাবের কারণে অনেকটা বাধ্য হয়েই তাদের এভাবে নির্বাচন করতে হচ্ছে।
তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বিরোধী দল নির্বাচন না আসা সুখকর নয়, তবে নির্বাচন ছাড়া উপায় নেই।”
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ‘ইতিবাচক’ মনোভাব দেখালে পরিস্থিতি এমন হত না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
কেন নির্বাচন করতে হচ্ছে, তার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “বিরোধী দল নির্বাচনে না আসলে তো দেশ শূন্যতার মধ্যে থাকবে না, সরকার ছাড়া দেশ চলবে কিভাবে, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতেই নির্বাচন করা হচ্ছে।”
বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সবাইকে ৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন ওবায়দুল কাদের।
“পর্যবেক্ষকরা আসবে কি আসবে না এটা তাদের নিজস্ব চিন্তাভাবনা। নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে, সে জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
নির্বাচনের মাত্র ১০ দিন সময় বাকি থাকায় এর মধ্যে সমঝোতার কোনো সম্ভাবনা আর দেখছেন না ক্ষমতাসীন দলের এই নেতা।
তবে সমঝোতার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচন সবার অংশ গ্রহণে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যতিক্রম হবে কেন, প্রশ্ন তোফায়েলের
বিভিন্ন দেশ ও সংস্থার নির্বাচন পর্যবেক্ষণে না আসার ঘোষণার প্রেক্ষাপটে শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সারা বিশ্বেই যেখানে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হয় সেখানে বাংলাদেশ ব্যতিক্রম হবে কেন।
বিরোধী দলবিহীন নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র নেয়ার পর সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন।
“আন্তর্জাতিক মহলকে বলতে চাই, সারা বিশ্বেই ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হয়। বাংলাদেশে ব্যতিক্রম হবে কেন?”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অধীনে বিভিন্ন নির্বাচনের কথা তুলে ধরে তোফায়েল বলেন, “আমরা প্রমাণ করেছি নির্বাচন গ্রহণযোগ্য ও অবাধ হবে।”
১৪ দলের তৃণমূল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যৌথসভার শুরুতে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব পাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এর মধ্য দিয়ে পাকিস্তান প্রমাণ করেছে, বিএনপি-জামায়াত তাদের দোসর।”
