সংঘাতকারীদের সঙ্গে সমঝোতা নয়: নাসিম
যারা সারা দেশে সংঘাত চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে কোনো সমঝোতা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শুক্রবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ১৪ দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ‘একতরফা নির্বাচন করার ‘একগুয়েমি’ ছেড়ে সমঝোতায় আসতে সরকারের প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়ার এ আহ্বানের প্রতিক্রিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “আমরা কিসের জন্য, কার সাথে সমঝোতা করব? যারা একাত্তরের ঘাতকদের সাথে সমঝোতা করে সারাদেশে সংঘাত চালিয়ে যাচ্ছে, তাদের সাথে কোনো সমঝোতা নেই।”
তিনি বলেন, “একাত্তরের ঘাতকদের সাথে নয়, সমঝোতা হবে জনগণের সাথে।”
বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদকে র্যাবের পাহারায় হাসপাতালে নেয়া প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, “তাকে গ্রেপ্তার করা হয়নি। সাবেক সেনা কর্মকর্তা এবং রাষ্ট্রপতি হিসেবে তার নিরাপত্তার কথা চিন্তা করেই সিএমএইচে ভর্তি করা হয়েছে।”
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর রাজধানীর বারিধারার বাসা থেকে র্যাবের একটি দল এরশাদকে সম্মিলতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়।
বিএনপির অভিযোগ, ‘একতরফা নির্বাচনে’ রাজি না হওয়ায় এরশাদকে এভাবে হাসপাতালে নেয়া হয়েছে।
