২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ-কর্মসূচি একসঙ্গে চলবে: নজরুল

প্রধান দুই দলের মধ্যে সংলাপ চললেও পাশাপাশি বিরোধী দলের কর্মসূচিও চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM


বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। বৈঠক চলছে। একটা ফয়সালা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। সংলাপের মাধ্যমে একটা সমাধানের পথ উন্মুক্ত হউক- এটা জনগণের প্রত্যাশা। তবে সেরকম অগ্রগতি তো এখনো আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারিনি।”

তার কাছে জানতে চাওয়া হয়েছিল জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর উপস্থিতিতে দুই দলের মহাসচিবদের বৈঠক চলছে। অন্যদিকে বিরোধী দলের কর্মসূচি চলছে। সংলাপ চলাবস্থায় এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঠিক হচ্ছে কিনা?

জবাবে তিনি আরো বলেন, “আমাদের নেত্রী বার বার বলে এসেছেন, সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান। সেই সমাঝোতা হতে হবে জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী। তা হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান।”

প্রেস ব্রিফিংয়ে সরকারকে ‘আত্মঘাতি’ পথ পরিহার করে নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবি জানান নজরুল।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলে গত ১৬ দিন ধরে সারাদেশে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে ১৮ দলীয় জোট। প্রার্থিতা প্রত্যাহারের দুই দিন আগে বুধবার তারা আবারো একই দাবি জানাল।

নজরুল ইসলাম খান সরকারকে হুঁশিয়ার করে বলেন, “আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের ভাষা রুদ্ধ্র হয়ে গেলে অনিয়মতান্ত্রিক উগ্রপন্থা উৎসাহিত হয়। এর ফলে গণতন্ত্র ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চলমান রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচির পঞ্চম দিনের অবস্থা তুলে ধরতে এই ব্রিফিং ডাকা হয়।

তিনি জানান, ১৪৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পঞ্চম দিনে বুধবার সারাদেশে জন দুই নিহত, ৭১৫ জন আহত, ৭০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ৭০ জনের বেশি। দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

নজরুল অভিযোগ করে বলেন, “সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন কবীর পারভেজ, সাজেদুল ইসলাম সুমন, মজিবুর রহমান আশিক, জিয়াউর রহমান শাহিন, নিজাম উদ্দিন মুন্না, তরিকুল ইসলাম ঝুন্টু, আলতাফ হোসেনসহ গত কয়েক দিনে অন্তত ৩০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তাদের সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না। এটা উদ্বেগজনক।”

সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে তিনি বলেন, “কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ উচ্চ পর্যায়ের সব নেতাদের গ্রেপ্তার করা হলেও চলমান আন্দোলনকে দমানো যাবে না।”