২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি

বিজয় দিবস উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

আগামী রোববার বিকাল ৩টায় এই সমাবেশ হবে বলে বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, “বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়ে চিঠি দেয়া হয়েছে। সকালে কমিশনার কার্যালয়ে এই চিঠি পৌঁছে  দেয়া হয়েছে।”

সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক ভিডিওবার্তায় নির্দলীয় সরকার ও নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে তৃতীয় দফা অবরোধের সময় শুক্রবার ভোর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। এ সময় পরবর্তী কয়েকদিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২৬ নভেম্বর থেকে টানা অবরোধ করে আসলেও ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার কথা বলেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সালাহউদ্দিন।

ভিডিওবার্তায় বলা হয়, কর্মসূচির স্থান পরে জানিয়ে দেয়া হবে।

তবে আব্দুল লতিফ জনি বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথা জানিয়েছেন।