খালেদার সঙ্গে ফের বৈঠক ফার্নান্দেজ-তারানকোর
বিভিন্ন পর্যায়ে দফায় দফায় আলোচনার পর খালেদা জিয়ার সঙ্গে আবার বৈঠক করলেন জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো।
সোমবার সন্ধ্যায় এই বৈঠকের পর বিএনপি নেতারা আলোচনার বিষয়ে কিছু বলেননি। গুলশানে নিজের বাড়িতে ফার্নান্দেজ-তারানকের সঙ্গে বৈঠকের পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন নেতাকে নিয়ে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন।
রাজনৈতিক সমঝোতায় রাজি করাতে গত শুক্রবার ঢাকায় আসা তারানকো পরদিনই বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেন তিনি।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার রাতে জাতিসংঘের সহকারী মহাসচিবের ঢাকা ছাড়ার কথা রয়েছে। তবে সেদিন বিকালেই তার সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা সাক্ষাতের সূচি নির্ধারিত হয়েছে বলে গণভবন সূত্র জানিয়েছে।
শনিবার থেকে শুরু করে তিন দিন ফার্নান্দেজ-তারানকো ধারাবাহিক বৈঠক চালিয়ে গেলেও এর অগ্রগতি এখনো সুস্পষ্ট নয়। জাতিসংঘ মহাসচিবের দূত সোমবার শুধু এটুকুই বলেছেন, সদিচ্ছা থাকলে ‘শান্তিপূর্ণ সমাধান’ এখনো সম্ভব।
তারানকোর সঙ্গে দুই দফা বৈঠকের পর সুস্পষ্ট কিছু বলেননি সর্বদলীয় সরকার গড়ে নির্বাচনের পথে এগিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা। শনিবার প্রথম দফা বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, তাদের প্রাথমিক আলোচনা হয়েছে। তবে জাতিসংঘ দূতের মিশন সফল হবে বলে তারা আশা করছেন।
খালেদার সঙ্গে প্রথম দফা বৈঠকের পরদিন রোববার বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরীর বাড়িতে যান ফার্নান্দেজ-তারানকো। ওই বৈঠকের পর শমসের মবিন কিছু বলেননি।
সোমবার দ্বিতীয় দফা বৈঠকে খালেদার সঙ্গে শমসের মবিনও ছিলেন। এছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
এক ঘণ্টা বৈঠকের পর বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি সাংবাদিকদের বলেন, “উনারা (নেতারা) এখন কিছু বলবেন না।”
পরে শমসের মবিন বেরিয়ে আসার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, “নির্বাচনসহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার এই প্রক্রিয়া অব্যাহত আছে। এর বেশি কিছু এই মুহূর্তে আমি বলতে পারছি না।”
ফার্নান্দেজ-তারানকোর সঙ্গে বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদও সোমবার সাংবাদিকদের বলেন, “গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। চলুক, দেখা যাক কী হয়।”
এদিকে ফার্নান্দেজ-তারানকো বেরিয়ে যাওয়ার পর সাড়ে ৭টায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা খালেদার বাড়িতে ঢোকেন।
দেড় ঘণ্টা স্থায়ী ওই বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ। তবে কেউ কিছু বলেননি।
ফখরুল বলেন, “আলোচনা চলছে। আলোচনা এখনো শেষ হয়নি। শেষ হলে এ বিষয়ে আমরা আমাদের দিকটা গণমাধ্যমকে জানাব।”
তিনি জানান, জাতিসংঘের সহকারী মহাসচিবও আলোচনা শেষ হলে গণমাধ্যমকে সব কিছু জানাবেন।
গত ১০ দিন আত্মগোপনে থাকার পর এই প্রথম মির্জা ফখরুল সাংবাদিকদের সামনে এসে কথা বলেন। এরপর তিনি সাদা প্রাইভেটকারে করে সাবিহ উদ্দিন আহমেদের সঙ্গে চলে যান।
ফার্নান্দেজ-তারানকো সোমবার জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করেন, আগের দিন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ড. কামাল হোসেনের নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দলের সঙ্গেও তার আলোচনা হয়।
এই তিন দিনে কূটনীতিকদের মধ্যে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার নিকোলায়েভের সঙ্গেও বৈঠক করেন জাতিসংঘ দূত।
