২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ৫ জানুয়ারিই হবে: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ঘোষিত তারিখেই (৫ জানুয়ারি) দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 01:31 AM

Updated : 23 Aug 2022, 07:26 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রোববার ১৪ দলের বৈঠক শেষে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, “বিদেশি বন্ধুরাও এখন অনুধাবন করছেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে এই বৈঠকে আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, কে এম রহমতউল্লাহ, আবদুস সোবহান গোলাপ, এস এম কামাল হোসেন, এম এ আজিজ উপস্থিত ছিলেন।

জাসদের কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক অসীত বরণ রায়, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণআজাদী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম আশরাফীও বৈঠকে ছিলেন।

ঢাকায় আওয়ামী লীগের সাংসদদের মধ্যে মোস্তফা জালাল মহিউদ্দিন, কামাল আহমেদ মজুমদার, আসাদুজ্জামান কামাল ও সানজিদা খানম উপস্থিত ছিলেন বৈঠকে।

নাসিম বলেন, “বিএনপি-জামায়াত চক্র সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। একটি সভ্য রাষ্ট্রের ভিত্তি নষ্ট করার জন্য অবরোধ-হরতালের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে।

“জনগণকে আন্দোলনে নামার আহবান জানিয়ে নিজেরাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। তারা এখন প্রকাশ্যে নেই। আছে সন্ত্রাসী আর ভাড়াটিয়ারা।”

নেলসেন ম্যান্ডেলার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের সময় বিরোধী দলের হরতাল ও অবরোধ কর্মসূচির সমালোচনাও করেন নাসিম।