ভোলায় বিজেপি-পুলিশ সংঘর্ষ
ভোলা সদর উপজেলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ইলিশা হাওলাদারহাটে ভোলা-বরিশাল সড়কের এ সংঘর্ষের সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে ভোলা-বরিশাল সড়কের বিজেপির নেতাকর্মীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করছিল। খবর পেয়ে পুলিশ গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
সদর থানার উপ পরিদর্শক মুরাদ আলী বলেন, ভোলা-বরিশাল সড়কে দায়িত্বরত পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে নিয়ন্ত্রণের জন্য ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর ওসি সুলতান মাহমুদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। এদের মধ্যে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে।
