চট্টগ্রামে ঢিলেঢালা অবরোধ, ট্রেন চলছে ধীর গতিতে
বিরোধী দলের তৃতীয় দফার অবরোধের প্রথম দিন বড় ধরনের সহিংসতা ছাড়াই পালিত হচ্ছে।
শনিবার সকাল থেকে অন্যান্য অবরোধের চেয়ে বেশি যানবাহন দেখা গেছে নগরীর রাজপথে। বিভিন্ন স্থানে মিছিল ও হাতবোমার বিস্ফোরণ ঘটানোর সময় তিন শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
তবে নগরীর দুই একটি স্থানে যানবাহন ভাংচুরের খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) শাহ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন. “সকাল সোয়া ১০টার দিকে কাতালগঞ্জ আবাসিক এলাকা থেকে শিবিরকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়।
এসময় শিবিরকর্মীরা বেশ কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটায় এবং পুলিশকে ইট ছোঁড়ে।
ঘটনাস্থল থেকে পুলিশ তিন শিবিরকর্মীকে আটক করা হয় বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে অবরোধকারীরা নগরীর ইস্পাহানি রেল গেইটে রেল লাইনে টায়ার জ্বালায় ও কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটায়। পরে পুলিশকে দেখে তারা পালিয়ে যা।
অবরোধের প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কিছু যানবাহন চট্টগ্রাম নগরীতে প্রবেশ করেছে বরে জেলার হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে কুমিল্লা ও ফেনীর মহাসড়কে যানজট থাকায় রাত থেকে চট্টগ্রাম অংশে কিছু গাড়ি চলছে।
তিনি বলেন, যানজটে আটকে থাকা এসব গাড়ি রাত থেকে চট্টগ্রামে ঢুকতে শুরু করেছে।
হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির সার্জেন্ট মো. শাহীন জানান, সড়কে যানচলাচলে কোন ধরনের সমস্যা হচ্ছে না।
মহসড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, “তবে সমস্যা না হওয়ার জন্য মহাসড়কের কিছু কিছু জায়গায় পুলিশ পাহারায় গাড়ি পার করে দেয়া হচ্ছে।”
ট্রেন চলছে ধীরে
এছাড়া চট্টগ্রাম থেকে ঢাকার রেল যোগাযোগও স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “রেল লাইনে নাশকতার পর নিরাপত্তার স্বার্থে রেলের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। মূল ট্রেনের আগে শাটল চালানোর কারণে রেল কিছুটা দেরিতে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে।
এ কারণে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হলেও চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
ব্যস্থাপক শামসুল জানান, শনিবার ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর সকাল সোয়া সাতটায় চট্টগ্রাম ছেড়ে গেছে।
এছাড়া চট্টগ্রাম আসতে দেরি করায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস শুক্রবার রাত নয়টার পরিবর্তে শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে এবং কর্ণফুলী এক্সপ্রেস সকাল ৮টার পরিবর্তে বেলা সোয়া ১২টায় ছেড়ে গেছে।
এছাড়া সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম এসে পৌঁছাতে না পারায় সকাল ৯টার সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ও চট্টলা এক্সপ্রেস দুপুর পর্যন্ত চট্টগ্রাম ছেড়ে যায় নি।
