২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে মাঠে থাকার প্রতিশ্রুতি কাজী জাফরের

১৮ দলের চলমান অবরোধ কর্মসূচিতে সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার প্রতিশ্রুতি খালেদা জিয়াকে দিয়েছেন এইচ এম এরশাদকে ছেড়ে আসা কাজী জাফর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

জাতীয় পার্টির সঙ্গে সম্পর্কচ্ছেদের পর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে এই প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে উত্তুঙ্গ রাজনৈতিক পরিস্থিতিতে সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান আলাদা জাতীয় পার্টি গঠনকারী কাজী জাফর।

বিরোধীদলীয় নেতার সঙ্গে দেড় ঘণ্টা বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি, বর্তমান সরকারের আয়ু শেষ হয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পতন আসন্ন প্রায়।

“আমরা বিরোধীদলীয় নেতাকে জানিয়েছি,  চলমান আন্দোলনে আমাদের দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ত হয়ে রাজপথে নামার নির্দেশ দিয়েছি। ১৮ দলীয় জোটের কর্মসূচির সঙ্গে আমরা পূর্ণ একাত্মতা প্রকাশ করছি।”

‘সর্বদলীয়’ সরকার গড়ে আওয়ামী লীগ নির্বাচনে এগোলেও নির্দলীয় সরকারের দাবিতে টানা অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।  শনিবার থেকে আরো তিন অবরোধের ডাকও দেয়া হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মতপার্থক্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরকে বহিষ্কার করলেও পরে এরশাদ নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ‘সর্বদলীয়’ সরকারে না থাকার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

চেয়ারম্যান এরশাদকে পাল্টা বহিষ্কারের ঘোষণা দিয়ে কাজী জাফর যে আলাদা জাতীয় পার্টি গঠন করেছেন, সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে শনিবার সকালে গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করবেন বলে জানান তিনি।

খালেদার সঙ্গে বৈঠকে কাজী জাফরের নেতৃত্বে ছিলেন গোলাম মহসি, এ টি এম ফজলে রাব্বী, মোস্তফা জামাল হায়দার, এস এম এম আলম, এইচ এম গোলাম রেজা, নবাব আলী আব্বাস, আনোয়ারা বেগম, মজিবুর রহমান, আনসার আহমেদ, নুরুল আমিন সানু, আনিসুর রহমান মানিক,  মনিরা বেগম, হোসনে আরা আহসান, বেগম তাহমিনা, সেলিম মাস্টার প্রমুখ।

খালেদার সঙ্গে চলমান আন্দোলন ও আগামী দিনে সরকার পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে কাজী জাফর বলেন, “আমরা তার সঙ্গে আলোচনা করে আনন্দচিত্তে ফিরে যাচ্ছি।”

নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেয়ার পর এরশাদের সঙ্গে পুনরায় যোগ দেবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “তার সঙ্গে আর একত্রীভূত হব না। আগামী ১৮ ডিসেম্বর দলের বিশেষ কাউন্সিল অধিবেশন আহ্বান করেছি, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সব সিদ্ধান্ত হবে।”

১৮ দলীয় জোটে সঙ্গে যুক্ত হবেন কি না- জানতে চাইলে কাজী জাফর বলেন, “এটা কাউন্সিলে সিদ্ধান্ত হবে। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।”

তবে বিএনপির সঙ্গে আদর্শিক মিল থাকার কথা জানান জিয়াউর রহমানের সরকারের এই মন্ত্রী, যিনি পরে এরশাদের সঙ্গে সঙ্গে যোগ দিয়ে প্রধানমন্ত্রী হন।

নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে এরশাদের সঙ্গে জাতীয় পার্টির তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মতপার্থক্য সৃষ্টি হয়েছিল দাবি করে কাজী জাফর সাবেক দলের চেয়ারম্যানের পরিবর্তিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তবে তিনি বলেন, “এরশাদ তার সিদ্ধান্তে অটল থাকেন কি না, সেজন্য আমি ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকব।

“আমরা আশা করি, তিনি (এরশাদ) জাতির কাছে যে কথা দিয়েছেন, তা রক্ষা করবেন। আর কোনো প্রকার খেলা খেলবেন না।”

পুরনো খবর:

খালেদার পাশে থাকার ঘোষণা কাজী জাফরের
কাজী জাফরকে বহিষ্কার