২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম উত্তরে হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল

অবরোধের মধ্যে এবার চট্টগ্রাম উত্তর চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

পুলিশের গুলিতে মঙ্গলবার ভোর রাতে শরীফুল ইসলাম রাসেল নামে সীতাকুণ্ড উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহতের প্রতিবাদে এ হরতাল ডাকে সংগঠনটির উত্তর জেলা শাখা।

নিহত রাসেল সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন বলে দাবি স্থানীয় বিএনপির।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের গুলিতে দলীয় নেতা নিহত হওয়ার প্রতিবাদে বুধবার চট্টগ্রাম উত্তর জেলার সাতটি উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে।”

মঙ্গলবার সকালে সীতাকুণ্ড উপজেলা সদরে প্রতিবাদ সভা থেকে এ হরতাল ডাকা হয়েছে বলে জানান তিনি।  

চট্টগ্রামের মিরসরায়, সীতাকুণ্ড, সন্দ্বীপ, হাটহাজারি, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম উত্তর জেলা।

সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম সরোয়ার চৌধুরী অভিযোগ করেন, “সোমবার রাতে বাজার থেকে মুরাদপুর ইউনিয়নের নিজ বাড়িতে যাওয়ার পথে পুলিশ সদস্যরা রাসেলকে গুলি করে হত্যা করে।”  

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাণ্ডারিটোলা এলাকায় গাড়ি ভাংচুরের চেষ্টাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় রাসেল।