খালেদার আগে হাসিনার সঙ্গে বসবেন সুজাতা
রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
বুধবার ঢাকায় নামার পর বিকালে খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের সূচি আগে জানা গেলেও পরে প্রধানমন্ত্রীর সাক্ষাৎসূচিতে দেখা গেছে, দুপুরে তার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্র সচিব।
সুজাতা সিং দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বিএনপির সহসভাপতি, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিটে বিরোধীদলীয় নেতার গুলশানের বাড়িতে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাতের সময়সূচি নির্ধারিত হয়েছে।
সুজাতা জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
সুজাতার আকস্মিক এই সফরের বিষয়বস্তু কোনো তরফেই জানানো হয়নি। তবে চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে তার এই সফরকে রাজনৈতিক পর্যবেক্ষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন।
দুদিনের সফর শেষে বৃহস্পতিবারই ফিরে যাবেন সুজাতা। তার পরদিনই ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ-তারানকো।
বাংলাদেশে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চায় প্রধান বিরোধী দল, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘সর্বদলীয়’ সরকার গঠন করে নির্বাচনের পথে এগোচ্ছে।
এর মধ্যে নির্বাচন কমিশন গত সোমবার তফসিল ঘোষণা করলে বিরোধী দল টানা অবরোধ চালিয়ে যাচ্ছে, যাতে সংঘাতে ৩৫ জনের বেশি নিহত হয়েছে।
