২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার দুই উপজেলায় লাগাতার হরতাল

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির দুই নেতার ‘সন্ধান’ দাবিতে সোমবার থেকে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় লাগাতার হরতাল ডেকেছে দলটি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 10:29 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

রোববার বিকালে লাকসাম বাইপাস সড়কে এক প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি এম আনোয়ারুল আজিম এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লায় হাসপাতালে যাওয়ার পথে বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও জসিম উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

পরে জসিমউদ্দিনকে লাকসাম থানায় হস্তান্তর করলেও অপর দুই নেতার কোন খোঁজ গত পাঁচ দিনেও পাওয়া যায়নি।

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় সোমবার থেকে লাগাতার হরতাল ঘোষণা দিয়ে আজিম বলেন, তাদেরকে গুম অথবা হত্যার চেষ্টা করা হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা সৈয়দ সরওয়ার সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মিলন, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে এসে শেষ হয়।