বাদ পড়লেন আবুল হোসেন
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের মুখে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
নবম জাতীয় সংসদ নির্বাচনে যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, সেই মাদারীপুর-৩ আসনে এবার মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শুক্রবার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বর্তমান সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগই এবারো মনোনয়ন পেলেও বাদ পড়েন আবুল হোসেন।
এদিকে আবুল হোসেনের বাদ পড়ার ইঙ্গিত পেয়ে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তার সমর্থক ও তার প্রতিষ্ঠিত কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।
পদ্মা সেতু প্রকল্পে কেলেঙ্কারীতে জড়িত থাকার অভিযোগের মধ্যে ২০১১ সালের ২৯ নভেম্বর আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়।
প্রতিমন্ত্রী হিসাবে ইয়াফেস ওসমান বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় চালালেও ওই মন্ত্রণালয় ভেঙে আবুল হোসেনকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
পরবর্তীতে ২০১২ সালের ২৩ জুলাই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন আবুল হোসেন।
আওয়ামী লীগের আগের কমিটিতে আবুল হোসেন এক দশকের বেশি সময় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকলেও গত ২ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকেও বাদ পড়েন তিনি।
যদিও পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না বলে মন্ত্রিত্ব ছেড়ে দেয়ার পরেও একাধিকবার দাবি করেন আবুল হোসেন।
বিভিন্ন সংবাদপত্রে নিজেকে নির্দোষ দাবি করে বিজ্ঞপ্তিও প্রকাশ করেন মাদারীপুরের এই সাংসদ।
