২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের টিকিট পেলেন না মুরাদ জং

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি নবম জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে জয়ী তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

এ আসনে মনোনয়ন পেয়েছেন সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মালিক মো. এনামুর রহমান।

তৌহিদ জংয়ের বিরুদ্ধে তার এলাকায় তৈরি পোশাক খাতে বিভিন্ন সময় অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে। এছাড়া গত ২৪ এপ্রিল সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার ‘মদদদাতা’ হিসেবে গণমাধ্যমে সমালোচিত হন তিনি।

রানা প্লাজা ধসে ১১শ ৩০ জন নিহত হন।

সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গেলেও মুরাদ দলীয় প্রধানের কাছে ঘেষতে পারেননি। তখন থেকেই ধারণা করা হচ্ছিল মুরাদ জং হয়তো দলীয় মনোনয়ন পাবেন না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মুরাদ জং ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে জীবনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। সাভার আসনে দেশের প্রথম সংসদ সদস্য আনোয়ার জংয়ের এই ছেলে দীর্ঘদিন বিদেশে থেকে ফিরে ২০০১ সালে নির্বাচন করলেও হেরে যান বিএনপি প্রার্থী ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর কাছে।

ওই নির্বাচনে শিল্পোদ্যোক্তা হাসিনা দৌলা মনোনয়ন চাইলেও আওয়ামী লীগের টিকিট পান মুরাদ। পরের নির্বাচনেও হাসিনা দৌলাকে হটিয়ে দলীয় টিকিট পান তিনি, নির্বাচিতও হন।

অন্যদিকে রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করে আলোচনায় এসেছিলেন মো. এনামুর রহমান।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর কাছে ভিড়তে পারলেন না মুরাদ জং