রাজধানীতে থানা পর্যায়ে শনিবার বিএনপির বিক্ষোভ
সোহরাওয়ার্দি উদ্যানে অনুমতি না পাওয়ায় রাজধানীতে শনিবার থানায় থানায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
শুক্রবার রাতে নয়া পল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আমরা শনিবার বিকালে সোহরায়ার্দি উদ্যানে বিক্ষোভ সমাবেশের জন্য পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলাম। পুলিশ অনুমতি দেয়নি। দলীয় কার্যালয়ের সামনেও অনুমতি চেয়েছিলাম। তাও তারা দেয়নি। এরকম অবস্থায় আমরা কেন্দ্রীয়ভাবে সমাবেশ করতে পারছি না।
“এর পরিবর্তে শনিবার ঢাকার সব থানায় বিক্ষোভ সমাবেশ হবে। সারাদেশে হবে মহানগর ও জেলায় জেলায়।”
এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে একতরফা নির্বাচনের তফসিল বাতিল, নাশকতা সৃষ্টি করে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দায় বিরোধী দলের ওপর চাপানো ও গ্রেপ্তার-মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশে মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন রিজভী।
ফাইল ছবি
“শাহবাগের সরকার সমর্থিত গণজাগরণ মঞ্চ স্থাপনের পর থেকে ওই এলাকাটি সরকারি আইনশৃঙ্খলা বাহিনী সংরক্ষিত করে রেখেছে। সেখানে ও তার আশপাশে গত একবছর ধরে বিরোধী দলকে কেনো কর্মসূচি করতে দেয়া হয়নি।
“এরকম অবস্থায় শাহবাগে কারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, কারা বৃহস্পতিবার গুলশানে জার্মান রাষ্ট্রদূতের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জনগণের কাছে পরিষ্কার।”
