২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারা’ রাজনৈতিক অপরাধী: টুকু

সহিংস কর্মসূচি ঘোষণাকারীরা ‘রাজনৈতিক অপরাধী’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:13 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মহা পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় সাংবাদিকরা সারাদেশের অরাজকতা সৃষ্টিকারীদের ধরতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সহিংস কর্মসূচির ঘোষকরা ট্রাডিশনাল নয় রাজনৈতিক অপরাধী। তাই তাদেরকে আইনে আওতায় আনতে সময় লাগছে।”

তিনি বলেন, “আজ হোক আর কাল হোক তাদেরকে (অবরোধ আহ্বানকারীদের) আইনের মুখোমুখি হতে হবে।”

জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে মন্তব্য করে টুকু বলেন, “অবরোধের ক্ষতিগ্রস্তদের দায়ভার, কর্মসূচি আহ্বানকারীদের নিতে হবে।”

মহা-পুলিশ পরিদর্শকের সঙ্গে দেখা করার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “পুলিশকে সর্ব্বোচ ঝুঁকি নিয়ে হলেও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে বলা হয়েছে।”

পুলিশে রদবদলের সম্ভাবনা আছে কি না জিজ্ঞাসা করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত পুলিশে যেকোন ধরণের রদবদল হবে নির্বাচন কমিশনের অধীনে।