২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা হলে ‘সব’ সুযোগ আছে: সিইসি

বিএনপি নির্বাচনে আসতে রাজি হলে তফসিল পরিবর্তন করা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

সোমবার ঘোষিত তফসিল স্থগিতের জন্য বিএনপির দাবির মধ্যে মঙ্গলবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “সমঝোতা হলে সব ধরনের সুযোগ রয়েছে।”

৫ জানুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণার সময় সিইসি বলেছিলেন, তারা রাজনৈতিক সমঝোতা প্রত্যাশা করলেও সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আর অপেক্ষা করতে পারছিলেন না।  

এরপর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল তফসিল প্রত্যাখ্যান করে অবরোধ কর্মসূচি দিলেও রাজনৈতিক সমঝোতার জন্য তফসিল স্থগিতের আহ্বান জানায়।

তফসিল অনুযায়ী ২ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র  দাখিল করতে হবে, যে সময় ‘অন্তত’ কম বলে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও।

নবম সংসদ নির্বাচনেও বিএনপিকে আনতে তিনবার তফসিলে পরিবর্তন আনা হয়েছিল। মনোনয়ন দাখিলের সময় তিন দফা বাড়ানো হলেও ভোটের তারিখ পরিবর্তন হয়েছিল একবার।

নবম সংসদ নির্বাচনে ১৮ ডিসেম্বর ভোটের তারিখ রাখার পর দ্বিতীয় দফায় ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

২ নভেম্বর তফসিল ঘোষণা করে ভোটের তারিখ অপরিবর্তিত রেখে ৯, ২০, ২৩ নভেম্বর মনোনয়ন দাখিলের সময় বাড়ানো হয়।

তৎকালীন সিইসি এটিএম শামসুল হুদা বলেছিলেন, "নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ পরিবর্তন আনা হয়েছে। আশা করি, সবার কাছে এ তারিখ গ্রহণযোগ্য হবে।”

আইন শৃঙ্খলা বৈঠক বৃহস্পতিবার

চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন সিইসি।

এতে বৈঠকে অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সিইসি জাতির উদ্দেশে দেয়া ভাষণেই জানিয়েছেন, এ নির্বাচনে আইন শৃঙ্খলাবাহিনীর অন্য সদস্যদের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

সেনার অবস্থান: ‘প্রয়োজনে দীর্ঘায়িত হতে পারে’

নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলেও কবে থেকে মোতায়েন করা হবে তা চলমান পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

বিরোধী দলের এমন কর্মসূচি অব্যাহত থাকলে নির্বাচনী মালামাল মাঠপর‌্যায়ে পৌঁছানো বাধাগ্রস্ত হবে বলে মনে করেন এই নির্বাচন কমিশনার।

সেনা মোতায়েন কবে নাগাদ হচ্ছে জানতে চাইলে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, “অবস্থা বুঝে ব্যবস্থা। অবস্থার অবনতি হলে প্রয়োজনে সেনা মোতায়েন দীর্ঘায়িত হতে পারে।”

সাধারণত প্রচারণার সময় শুরু বা ভোটের কয়েকদিন আগে সেনা মোতায়েন হয়।

পুরনো খবর:

৫ জানুয়ারি ভোট
অবরোধের ডাক, তফসিল স্থগিতের দাবি বিএনপির