২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাস দিয়ে বিএনপি এখন ধোঁকাবাজিতে: হানিফ

বিরোধী দল ‘আশ্বাস’ দিয়েও নির্বাচনের বদলে আন্দোলনের পথে গেছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন দলের নেতা মাহাবুব-উল-আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 02:02 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে অবরোধের ডাক দেয়ায় বিরোধী দলের সমালোচনা করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “বিরোধী দলের নির্বাচনে অংশ নেয়ার পর্যাপ্ত সময় আছে। তাদের নির্বাচনে আনার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেও এখন দেশবাসীর সঙ্গে ধোঁকাবাজি করছে।”

তবে বিএনপির নির্বাচনে আসার ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, “সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিরোধীদলও অংশ নিবে বলে আমি আশা করি।”

নির্বাচন ঠেকানোর সুযোগ ও অধিকার কারো নেই বলেও মন্তব্য করেন তিনি।

জনগণ বিরোধীদলের নাশকতা চায় না মন্তব্য করে হানিফ বলেন, “তারা নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে। আজকের স্বাভাবিক জীবনযাত্রা তারই প্রমাণ।”

নাশকতা সৃষ্টিতে মদদ দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেও হুঁশিয়ার করেন মাহাবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, “বিরোধী দলের যে সব নেতাদের বিরুদ্ধে নাশকতায় মদদ দেবার অভিযোগ পাওয়া যাবে- তাদের আইনের আওয়তায় আনা হবে।”

সোমবার সন্ধ্যায় তফসিল ঘোষণার কিছুক্ষণের মধ্যে অবরোধের ডাক দেয় বিএনপি। এর পরপরই দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ৮ নভেম্বর সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া,  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে কারাগারে আছেন।