‘সর্বদলীয়’ সরকারে যোগ দিতে আবার আহ্বান হাসিনার
‘সর্বদলীয়’ সরকারে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে রোববার গণভবনে মতবিনিময় সভায় বক্তব্যে প্রধান বিরোধী দলের প্রতি এই আহ্বান জানান তিনি।
প্রার্থী চূড়ান্ত হওয়ার পরও মনোনয়নপ্রত্যাশী সবাইকে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে এলেও ‘সর্বদলীয়’ সরকার গঠন করে দশম সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে আওয়ামী লীগ।
৩০০ আসনে মনোনয়নপ্রত্যাশীদের ২ হাজার ৬০৮ জনের আবেদন নেয়ার পর তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসলেন শেখ হাসিনা।
নির্দলীয় সরকার না হলে নির্বাচন বয়কটের হুমকি দিয়ে আসা বিএনপির উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনে আসুন। সন্দেহ থাকলে নাম দেন। যে মন্ত্রণালয় চান, নাম দেন।”
নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনের হাতেই থাকবে জানিয়ে তাতে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই বলে বিরোধী দলকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
বিএনপি বলে আসছে,দলীয় ব্যক্তি সরকারে থাকলে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ থাকবে।
নির্বাচিত সরকারের হাত থেকেই আরেক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী করার উদ্দেশ্যেই সংবিধানের সংশোধনের পক্ষে যুক্তি দেখান শেখ হাসিনা।
“একটা না একটা জায়গা থেকে শুরু করতে হবে। এডহক বেসিস না। সাংবিধানিকভাবে নির্বাচন হবে। যে জয়ী হবে- সে জনগণের ভোটে জয়ী হবে।”
“রাষ্ট্রপতি বলেছেন মন্ত্রিসভা ছোট করতে। আমরা করেছি। এখন উনি নির্বাচন কমিশনকে তারিখ ঘোষণা করতে বলবেন।”
শেখ হাসিনা নৌকা প্রতীকে প্রার্থী হতে ইচ্ছুকদের বলেন, আওয়ামী লীগকে জনগণের আস্থা অর্জন করে ভোটে নির্বাচিত হতে হবে। এটা সম্ভব হবে, নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে।
“এখানে মার্কা নৌকা। সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে।”
ফাইল ছবি
জোটবদ্ধভাবে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে অনেক আসন ছেড়ে দিতে হবে জানিয়ে ছাড় দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতেও মনোনয়নপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানান তিনি।
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টি জোটবদ্ধভাবে অংশ নিয়েছিল। জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়ায় সেক্ষেত্রে ১৪ দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে।
বর্তমান সংসদে আওয়ামী লীগের বাইরে জোট দলের শরিক দলগুলোর মধ্যে জাসদের তিনটি এবং ওয়ার্কার্স পার্টির দুটি আসন রয়েছে।
শেখ হাসিনা জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তিনি ছয় মাস এবং এক বছরের ব্যবধানে জরিপ করিয়েছেন। এছাড়া তৃণমূল নেতাদের মতামত নিয়েছেন তিনি। জরিপের ফলাফল এবং তৃণমূলের মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে তিনি বলেন, “আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, এই মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। একদিন তা বাস্তবায়ন হবে।”
সভায় স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সররকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “আমরা যদি শেখ হাসিনা হাতকে শক্ত করি। নিজের স্বার্থ ত্যাগ করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হই- আমরা জয়ী হবই।
“অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেক সংবাদ মাধ্যমে, বিশেষ করে বিদেশি সংবাদ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে নাস্তানাবুদ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু, তারা সফল হয়নি।”
মনোনয়ন দেয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ধরনের তথ্য আছে, তা আমাদের কাছে নেই। প্রতিটি এলাকার তথ্য ওনার নখদর্পণে।
“আবেগের বশবর্তী হয়ে নয়। যাকে মনোনয়ন দিলে জয়ী হবেন- তাকেই মনোনয়ন দেয়া হবে।”
সভায় শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী সকলের নাম ডেকে তাদের সঙ্গে পরিচিত হন।
