২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে বিএনপি-জামায়াতের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিএনপি-জামায়াতের মিছিল থেকে একটি মাহফিলের প্রচারণার মাইক ভাংচুরের পর স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 09:59 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সংঘর্ষে কমপক্ষে ছয় জন আহত হয়েছেন এবং পরে চার জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার খাঁ’র হাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ওসি খালেদ হোসেন জানান, সন্ধ্যায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল থেকে একটি মাহফিলের প্রচারণার মাইক ভাংচুরের পর স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়।

ওসি খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত বিএনপি নেতাকর্মীরাই মিছিল করছিল। মিছিলে জামায়াত-শিবিরকর্মীরা প্রবেশ করে এই হামলা চালায়।”

আহতদের মধ্যে পাঁচজন বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও একজন পথচারী। তারা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

ওসি বলেন, “হামলার জন্য জামায়াত-শিবির কর্মীরা দায়ী। তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি-জামায়াতের একটি বিক্ষোভ মিছিল খাঁ’র হাট এলাকা থেকে বের হয়ে গাছবাড়িয়া কলেজ গেট ঘুরে আবার খাঁ’র হাট এলাকায় যায়। এসময় একটি সিএনজি অটোরিকশায় করে মাইকে সোমবার থেকে শুরু হওয়া মিলাদ মাহফিলের প্রচারণা চালানো হচ্ছিল। মিছিল থেকে হামলা চালিয়ে ওই অটোরকিশায় থাকা মাইকটি ভেঙ্গে ফেলা হয়।

এই খবর পাশের সৈয়দাবাদ গ্রামে পৌঁছার পর স্থানীয়রা মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় দুই সাংবাদিক জানান, সৈয়দাবাদ শোহাদায়ে কারবালা স্মৃতি সংসদ নামের একটি সংগঠন এই মিলাদ মাহফিলের আয়োজন করে।