২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সংলাপের নামে সময়ক্ষেপণ করছে: ফারুক

সংলাপের নামে সময়ক্ষেপণ করে সরকার ‘একতরফা’ নির্বাচনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে বিরোধী বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 06:37 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার এক আলোচনা সভায় বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘ একদিকে সরকার আলোচনার নামে সময়ক্ষেপণ করছে, অন্যদিকে মহাজোট সরকারের পূনর্গঠিত মন্ত্রিসভা একতরফা নির্বাচনের হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ’’

এই বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে তারা বিশ্বাস করেন না।

“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি ও ১৮ দলীয় জোটকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।’’

আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি হুঁশিয়ার করেন।

Image
জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

জয়নুল আবদিন ফারুক, ফাইল ছবি

জাতীয় প্রেসক্লাবে ‘অল কমিউনিটি ফোরাম’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

নির্বাচনের ব্যাপারে বিএনপির অবস্থান তুলে ধরে জয়নুল আবদিন ফারুক বলেন, “এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, এর বিকল্প নেই।”

সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের নেতা কবিরুল হায়দার চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।

আশরাফ-ফখরুল কথিত বৈঠক নিয়ে বিভ্রান্তি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান এবং জ্যেষ্ঠ পাঁচ নেতার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মধ্যে গুলশানের একটি বাসায় বৈঠক হয়েছে বলে পত্র-পত্রিকায় দেখেছি। তবে এই বৈঠকে উল্লেখ করার মতো কেনো ফলাফল হয়নি। বৈঠকে কোনো এজেন্ডা ছিলো না।”

শনিবার রাতে লক্ষীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের গুলশানের বাসায় সেই কথিত বৈঠক হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর হলে গুঞ্জন সৃষ্টি হয়। তবে রাতেই বিষয়টি অস্বীকার করেন ফখরুল।

হান্নানের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হান্নান শাহ কি বলেছেন, তা তিনি জানেন না। আশরাফের সঙ্গে কোনো বৈঠকও তিনি করেননি।

“সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে আমার কোনো বৈঠকই হয়নি। এটি কয়েকটি মিডিয়ার প্রচারণা। আমি গতকাল রাতেই এই বিষয়ে কথা বলেছি। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না।”