সরকার বিদায় হলেই সংকট উত্তরণ: হান্নান শাহ
নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠিত না হলে শেখ হাসিনার সরকারকে বিদায়ের মধ্য দিয়েই সংকটের উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচনকালীন সরকার সর্বদলীয় বা বহুদলীয় হলে চলবে না, নির্দলীয় হতে হবে। নইলে সরকারের বিদায় করাই হবে সংকট উত্তরণের একমাত্র পথ।”
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরামের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হান্নান বলেন, “সংকট উত্তরণে এখনো সময় আছে- এক ঘণ্টাই সরকারের জন্য যথেষ্ট। আমরা সরকারকে বলব, আর সময় ক্ষেপণ না করে সংবিধানে নির্দলীয় সরকারের ব্যবস্থা সংযোজন করুন। নিজেদের ভুল সংশোধন করে নিন। ’’
সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের একেক সময়ে একেক অবস্থান নেয়ার সমালোচনা করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একতরফা নির্বাচন করতে সরকারের সঙ্গে একসময়ের বিশ্ববেহায়া, এবারের বিশ্ববেঈমানও যোগ হয়েছে।
“এরশাহ সাহেব একবার বলেছেন, নির্বাচনে গেলে জনগণ তাকে থুথু দেবে। আবার পরক্ষণে তিনিই (এরশাদ) একেবারে উল্টে গিয়ে নির্বাচনে যাওয়ার কথা বললেন।
“উনাদের (এরশাদ) বলব, নির্বাচনী প্রচারণা করতে একবার এলাকায় যান, শীতের রাজনৈতিক উত্তাপ কেমন তা বুঝতে পারবেন।’’
সরকার বিরোধী দল দমনকে জঙ্গি দমন বলে প্রচার করছে অভিযোগ করে বলেন, “সরকারের পুলিশি বাহিনীর গুলিতে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, হত্যা হচ্ছে। তারা নিজেদের অনুগত বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের গুম-হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করছে।”
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে যুক্তরাষ্ট্রের নি¤œকক্ষ কংগ্রেসে গৃহীত প্রস্তাবনা সরকারের জন্য শুভ নয় মন্তব্য করেন এই বিএনপি নেতা।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময়ে ছিলো পাকিস্তানি রাজাকার। এখন অনেকে বলে এদেশ হিন্দুস্থানি রাজকাররা শাসন করছে।
“এই সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই এই সরকারকে বিদায় করতে হবে।”
সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে ‘জনতার প্রশ্ন: সংবিধান কার স্বার্থে’ বিষয়ে আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিক, নয়ন বাঙ্গালী ও তাঁতী দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বক্তব্য রাখেন।
