২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে বিএনপি নেতার মৃত্যু

কারা হেফাজতে মারা গেছেন ঢাকার এক বিএনপি নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 11:10 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

মৃত শাহাবউদ্দিন (৬২) ঢাকার ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন। হৃদরোগে তার মৃত্যু হয় বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে।

হরতালের একটি মামলায় গ্রেপ্তার শাহাবউদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সোমবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।   

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১২টার দিকে শাহাবউদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

লালবাগের ২২/১ নম্বর বাড়িতে এই বিএনপি নেতা তিন ছেলে ও স্ত্রী তাহমিনা বেগমকে নিয়ে থাকতেন। গত ৬ নভেম্বর লালবাগে একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় লালবাগ থানা পুলিশ কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করে।

মৃতের বড় ভাই শাহ আলম মঙ্গলবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে শাহাবউদ্দিনের লাশ গ্রহণ করেন।

শাহাবউদ্দিন হৃদরোগী ছিলেন জানিয়ে তিনি বলেন, “ভাইয়ের এ মৃত্যুতে কারো বিরুদ্ধে আমাদের কোনো ধরনের অভিযোগ নেই।”

জুরাইনে দেয়ালচাপায় শিশু নিহত

রাজধানীর পূর্ব জুরাইনে মঙ্গলবার বিকালে দেয়ালচাপায় মো. রাব্বি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রাব্বি পূর্ব জুরাইনের কানা জব্বারের গলিতে পরিবারের সঙ্গে থাকত। তার বাবা আব্দুল মান্নান (৫০) একজন রিকশাচালক।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, কাছেই বড় ভাই লিটনের বাড়িতে বেড়াতে গিয়েছিল রাব্বি। ওই বাড়িতে দোতলার নির্মাণকাজ চলছিল।

“দ্বিতীয় তলার কাঁচা দেয়াল বেয়ে ওপরে উঠার চেষ্টা করতেই দেয়ালটিসহ সে মাটিতে পড়ে যায়,” বলেন তিনি।

স্বজনরা রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।