নিবন্ধন পেল বিএনএফ
টেলিভিশন প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার ছাড়পত্র পেয়েছে নতুন দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ); যাদের নিবন্ধন দেয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল বিএনপি।
দশম সংসদ নির্বাচনের আগে উত্তুঙ্গ রাজনৈতিক পরিস্থিতিতে বিএনএফকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মেছবাউদ্দিন আহমদের হাত থেকে নিবন্ধন সনদ নেন নতুন দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।
বিএনএফ গঠনের সময় আবুল কালামের সঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাজমুল হুদাও ছিলেন। এই দলটির নেতাদের দাবি, তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন।
বিএনপির আদলে দলীয় পতাকা সম্বলিত বিএনএফকে নিবন্ধন দেয়ার উদ্যোগ নেয়া হলে প্রবল আপত্তি তোলে বিএনপি। তাদের অভিযোগ, বিএনএফ গঠন বিএনপির বিরুদ্ধে সরকারের ‘ষড়যন্ত্রের’ একটি অংশ।
বিএনএফকে নিবন্ধন দিলে কাজী রকিবউদ্দিন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে কোনো ধরনের ছাড় দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এর মধ্যে নাজমুল হুদা বিএনএফকে ‘বিলুপ্ত’ ঘোষণার দাবি করেন। তবে নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, দলের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার এখতিয়ার তার নেই।
এরপর বিএনএফের নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে নিতে থাকেন আবুল কালাম। আর তার মধ্যে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের হামলার মুখেও পড়তে হয় বলে তার অভিযোগ।
বিএনএফকে নিবন্ধিত করার বিষয়ে গত ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে আনুষ্ঠানিক কোনো আপত্তি না পাওয়ায় তাদের সনদ দেয়া হয় বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
বিএনএফকে নিয়ে বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৪০। দেশে অনেক রাজনৈতিক দল তৎপর হলেও নির্বাচনে অংশ নিতে পারে কেবল ইসিতে নিবন্ধিত দলগুলো।
নবম সংসদের আগে ২০০৮ সালে প্রথমবারের মতো ৩৯টি দল নিবন্ধন পায়। পরে গঠনতন্ত্র সংশোধন না করায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। আদালতের আদেশে নিবন্ধনে যোগ হয় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
দলীয় গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে আদালত।
দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বিএনএফফের আগে ‘বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট’ নামে আরেকটি দল নিবন্ধন পেয়েছে।
