২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ ডাকুন, বিএনপি বসতে রাজি: ফখরুল

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপে বসতে বিএনপির আন্তরিকতার কোনো অভাব নেই বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 01:55 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

সংলাপ নিয়ে সরকারি দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে তিনি শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন,“অনেক বিভ্রান্তি ও নাটক সৃষ্টি করা হচ্ছে।

“আমি বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার অনুমোদন নিয়ে বলছি, সঙ্কট সমাধানে আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। সরকারকে বলব, আর সময় নষ্ট করবেন না। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে সংলাপে বসার উদ্যোগ নিন।”

সংলাপের বিষয়ে শুক্রবার সৈয়দ আশরাফকে টেলিফোন করে না পাওয়ার কথা জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। তবে ফখরুলের ফোনকল পাননি দাবি করে আশরাফ সংলাপের বিষয়ে বিরোধী দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “গতকাল প্রেসক্লাবে ওনার নেত্রী খালেদা জিয়া বলেছেন আলোচনার কোনো সুযোগ নেই। উনি (ফখরুল) আগে উনার নেত্রীর সঙ্গে কথা বলুক। উনার নেত্রী যদি বলে আলোচনার সুযোগ আছে, তাহলে আলোচনা করা যাবে।”

এর একদিন বাদেই ফখরুল জানালেন, আলোচনায় বসতে তাদের কোনো আপত্তি নেই।

“সেই আলোচনা হতে হবে কেবল নির্বাচনকালীন সরকার নিয়ে। অন্য কোনো বিষয়ে নয়,” একথাও বলেন তিনি।

বিএনপি এর আগে বলে আসছিল, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখার বিষয়েই কেবল সংলাপ হতে পারে।

পুরনো খবর:

পথ কি খুলছে!