২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মহাজোটে থাকলে তার সঙ্গে কথা নয়’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকা অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে কথা না বলার ঘোষণা দিয়েছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 09:39 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে এক জনসভায় তিনি বলেন, “শেখ হাসিনা ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে পারে না।”

দলীয় প্রতীক গামছা নিয়ে আর জনগণের মাধ্যমে ‘প্রহসনের’ নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনা এদেশের জনগণকে তার গোলাম বানাতে চেয়েছেন। আমরা তার গোলাম হতে চাই না। আমরা সাধারণ জনগণ দেশের মালিক হতে চাই।”

জনসভায় উপস্থিত হতে এরশাদকে ফোন করেননি জানিয়ে তিনি বলেন, “এরশাদ মহাজোটে না, মহাচোরে আছে। আর যতোক্ষণ সে মহাচোরে আছে ততোক্ষণ আমি তার সাথে কথা বলবো না। আমি খালেদা জিয়াকে তার বাসায় গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম, মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা আসেননি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আগেরদিন রাজধানীতে এক অনুষ্ঠানে মহাজোটের প্রধান শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, অচিরেই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেবেন তিনি।

নতুন ওই জোটে জাতীয় পার্টি ছাড়াও কৃষক-শ্রমিক জনতা লীগ, বিকল্প ধারা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়। তার আগের রাতে বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করেন দলগুলোর শীর্ষ নেতারা।

ওই অনুষ্ঠানেই এরশাদ বলেন, দু-একদিনের মধ্যে মহাজোট ছাড়ার ঘোষণা দেবেন তারা।

সখীপুরের সমাবেশে গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হঠাতে পরিচালিত অভিযানের সমালোচনা করেন কাদের সিদ্দিকী।

তিনি  বলেন,  “আল্লার বান্দা হেফাজতীরা আল্লার শাসন কায়েম করতে গিয়েছিলেন বলে রাতের অন্ধকারে তাদের কুকুরের মতো করে গুলি করে হত্যা করে। এদেশে শেখ হাসিনা আর আওয়ামী লীগ ছাড়া কেউ নিরাপদ নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা নিরাপদ নয়। তাদের ঘুমের ঘোরে পুড়িয়ে মারা হয়।”

সমাবেশে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন,  “শেখ হাসিনা ভোট ডাকাতির মাধ্যমে আবারো ক্ষমতায় যেতে চায়। আর তাই সে সুকৌশলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। আমরা সাধারণ জনগণকে নিয়ে শেখ হাসিনার এই ভোট ডাকাতি প্রতিহত করবো।”

নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.)  আব্দুল মান্নান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার উপস্থিত ছিলেন।