২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল শেষে বিক্ষোভ কর্মসূচি ১৮ দলের

টানা ৮৪ ঘণ্টার হরতাল শেষে শনিবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 11:52 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার রাতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর এই কর্মসূচি সাংবাদিকদের জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঁচ দিন পর এদিনই গুলশানের কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা। গত শুক্রবার দলের স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতাকে আটকের পর ফখরুলকেও এদিনই প্রকাশ্যে দেখা গেল।

নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহাল এবং আটক নেতাদের মুক্তি দাবিতে চার দিন হরতালের পর বসন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, কর্মসূচি পরে জানানো হবে।

রাতে গুলশানের কার্যালয়ে পরবর্তী কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন মির্জা ফখরুল। সেই সঙ্গে তিনি বলেন, “এর পরের কর্মসূচি ১৮ দলীয় জোটের বৈঠকের পর ঘোষণা করা হবে।”

বিএনপি ও জোটের মুখপাত্র ফখরুল বলেন,মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আব্দুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসসহ আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে শনিবার সব জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ হবে।

রিজভী সংবাদ সম্মেলনে জানান, চার দিনের হরতালে বিরোধী দলের দুজন নিহত এবং ৫ হাজার ৪০০ জন আহত হয়েছে। এছাড়া ২ হাজার ১১০ জন গ্রেপ্তার এবং ২১ হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের দিতে এগোচ্ছে। এলক্ষ্যে বর্তমান মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র জমাও নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফখরুল বলেন,“মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়ে নাটক সৃষ্টি করেছেন। এটি জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।

“সরকারের আগ্রাসী ভূমিকার কারণে সংলাপের পথ বাধাগ্রস্ত হচ্ছে। তাদের মন্ত্রীরা প্রতিনিয়ত যা বলছেন, এতে সঙ্কট আরো ঘনীভূত হচ্ছে।”

বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মাইল ফলক অর্জন ঘটা করে উদযাপনের সমালোচনাও করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

“দেশের ক্রান্তিলগ্নে হাতির ঝিলে আতশবাজি উৎসব করে সরকার সংলাপ নিয়ে বিদ্রুপ করেছে বলে আমরা মনে করি।”

পাঁচদিন ‘নিরাপদ’ স্থানে থাকার পর রাত সোয়া ৯টার দিকে গুলশানের কার্যালয়ে যান ফখরুল।

গত শুক্রবার এই কার্যালয়েই ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। এরপর নেতাদের গ্রেপ্তারের পর আর প্রকাশ্যে আসেননি তিনি।

অন্যদিকে খালেদা জিয়াও গত পাঁচ দিন বাসা থেকে বের হননি। এর মধ্যে তার বাড়ির সামনে পুলিশ ও র‌্যাবের অবস্থান ব্যাপক আলোচনার জন্ম দেয়।

খালেদা জিয়া রাত সোয়া ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কার্যালয়ে থেকে দলীয় নেতাসহ বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করেন।

পুরনো খবর:

৫ দিন পর গুলশানের কার্যালয়ে খালেদা
নতুন কর্মসূচি পরে জানাবে বিরোধী দল