খালেদার বাড়িতে কাদের সিদ্দিকী
চলমান সঙ্কট নিরসনে সরকার উদ্যোগ নিলে হরতাল প্রত্যাহার করা হবে বলে আব্দুল কাদের সিদ্দিকীকে জানিয়েছেন খালেদা জিয়া।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় যান কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি, তার সঙ্গে ছিলেন বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান।
এই সাক্ষাতের বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “শুনেছি, বিরোধীদলীয় নেতার বাসার পানি বন্ধ করে দিয়েছিল। এই ঘটনায় আমি মর্মাহত হয়েছি, তাকে সহমর্মিতা জানাতে আমরা এসেছিলাম।”
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দল তৃতীয় দফা টানা হরতাল কর্মসূচি দেয়ার পর বিএনপির শীর্ষ নেতাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এরপর খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশের অবস্থান জোরদার হয়। এর মধ্যদিয়ে তাকে কার্যত গৃহবন্দি করা হয় বলে বিএনপির অভিযোগ। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়, এটা ছিল নিরাপত্তা জোরদারের অংশ।
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে বিরোধী দলের মতদ্বন্দ্বে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দুই নেতার ফোনালাপ হলেও তাতে সংলাপ এগিয়ে যাওয়ার পথ খোলেনি।
বিএনপি বলছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মানলে তবে তারা সংলাপে রাজি। সেইসঙ্গে হরতালের কর্মসূচিও চালিয়ে যাচ্ছে তারা।
অন্যদিকে আওয়ামী লীগ বলে আসছে, হরতাল আর না করার ঘোষণা দিলেই কেবল সংলাপ হতে পারে। সেই সঙ্গে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতিও নিচ্ছে তারা।
এক সময়ের আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী জানান, হরতাল প্রত্যাহারের অনুরোধ তারা বিরোধীদলীয় নেতাকে জানিয়েছেন।
“আমাদের অনুরোধ শুনে তিনি বলেছেন, সরকার সঙ্কট নিরসনে উদ্যোগ নিলেই তাৎক্ষণিকভাবে হরতাল প্রত্যাহার করে নেবেন।”
কী ধরনের উদ্যোগ নেয়ার কথা বিরোধীদলীয় নেতা ইঙ্গিত করেছেন- জানতে চাইলে তিনি বলেন, “মন্ত্রীদের পদত্যাগপত্রসহ প্রধানমন্ত্রী নিজেই যদি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার পদক্ষেপ নিতেন, তাতে তার (প্রধানমন্ত্রী) পদ চলে যেত না। কিন্তু তিনি তা করেননি।”
২০০৬ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকা বিকল্পধারার মহাসচিব মান্নান সাংবাদিকদের বলেন, “বিরোধীদলীয় নেতা আমাদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, সরকারই পারে বর্তমান সঙ্কটের সমাধান দিতে।”
বর্তমানে বিএনপির অনেকটাই কাছাকাছি থাকা দুই দলের একটি প্রতিনিধি দল নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান কাদের সিদ্দিকী ও মান্নান। তারা আধা ঘণ্টা ধরে বিরোধী নেতার সঙ্গে আলোচনা করেন।
মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়াকে ‘নাটক’ আখ্যায়িত করে কাদের সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রীর এই নাটক করার দরকার ছিল না। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষের ৯০ দিন আগে সরকারের পদত্যাগ করা উচিৎ ছিল।
“আমি মনে করি, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই ১৬ কোটি না হোক, ১২ কোটি মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যাবে।”
সঙ্কট সমাধানে রাষ্ট্রপতির উদ্যোগ প্রত্যাশা করে তিনি বলেন, “তার মতো প্রবীণ একজন রাজনীতিবিদের এ সময়ে মুখ বুঝে থাকা সমীচীন হবে না।”
