২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল আরোহীর গায়ে পেট্রোল ঢেলে আগুন

বিরোধী দলের হরতালের প্রথম রাতে রংপুরে এক মোটর সাইকেলারোহীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে পিকেটাররা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 12:02 AM

Updated : 23 Aug 2022, 07:16 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আলমনগর এলাকার আরসিসিএফ মোড়ে আব্দুল হাইয়ের (৪৫) গায়ে আগুন দেয়া হয় বলে পুলিশ জানায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

দগ্ধ আব্দুল হাই নগরীর আলমনগরের পীরপুর এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকরি প্রতিষ্ঠানে চাকরি করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের খুঁজে বের করতে পুলিশ অভিযান শুরু করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে আরসিসিএস মোড়ে দুই যুবক তার গতিরোধ করে। তারা লাঠি দিয়ে আঘাত করে এবং হরতালের মধ্যে মোটর সাইকেল নিয়ে রাস্তায় নামার অপরাধে শ্বাসায়। এক পর্যায়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে আসলে যুবকরা পালিয়ে যায় বলে জানান আব্দুল হাই।

রমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে আব্দুল হাইয়ের দুই পা ও কোমরের কিছু অংশ ঝলসে গেছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।