২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদসহ বিএনপির ৫ নেতা কারাগারে

নির্বাচন ঘিরে সঙ্কট এড়াতে সংলাপের নানা তৎপরতার মধ্যে কারাবন্দি হলেন বিএনপির শীর্ষনেতাদের কয়েকজন।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 08:31 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

পুরনো খবর:

মিন্টুকে গ্রেপ্তারে ব্যবসায়ী নেতাদের হতাশা
মওদুদ আনোয়ার মিন্টু চিত্রায়, সুরমায় রফিকুল
হরতাল বুধবারও
আমরা সবাই নিরাপত্তাহীন: রিজভী

এর মধ্য দিয়ে সংলাপের সম্ভাবনা নস্যাৎ হচ্ছে দাবি করে সে জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি। অন্যদিকে বিরোধী দলের হরতাল আহ্বানকেই সংলাপ না হওয়ার জন্য দায়ী করছেন আওয়ামী লীগ নেতারা।

দুই সপ্তাহে ছয় দিনের কর্মসূচি শেষে এই সপ্তাহে আরো তিনদিনের হরতাল ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে।

এরপর মধ্যরাতে আটক করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে।

আটকের ১২ ঘণ্টার বেশি সময় ধরে ধোঁয়াশা রাখার পর পুলিশ জানায়, বিএনপি নেতাদের পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর পুরনো দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিরোধী দল সমর্থক আইনজীবীদের তুমুল হৈ চৈ-য়ের মধ্যে বিকালে ঢাকার আদালতে নেয়া হয় মওদুদসহ পাঁচ নেতাকে।  দুই মামলায় তাদের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ।

তবে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় পুলিশের আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম।

অন্যদিকে বিএনপি নেতাদের পক্ষে জামিনের আবেদন হলে তা নাকচ করেন বিচারক। এর সঙ্গে সঙ্গে বিএনপির আইনজীবীরা এজলাসের মধ্যেই পাঁচ নেতার মুক্তির দাবিতে স্লোগান শুরু করেন।

এজলাসের বাইরেও বিএনপি সমর্থিত আইনজীবীরা সরকারবিরোধী স্লোগান দিতে থাকে, তারা হরতালের সমর্থনেও স্লোগান দেন।

এর মধ্যেই বিকাল সাড়ে ৫টার দিকে প্রিজন ভ্যানে করে পাঁচ নেতাকে আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে রাত সোয়া ১০টার দিকে শিমুল বিশ্বাস ছাড়া সব নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

সাবেক মন্ত্রী মওদুদ ও আনোয়ার  এই বছরের মাঝামাঝিতেও হরতালের মামলায় কিছু দিন কারাগারে থেকে এসেছেন। তবে রফিক, মিন্টু ও শিমুল এই সরকার আমলে আগে গ্রেপ্তার হননি।

নির্দলীয় সরকারের দাবিতে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। নেতারা গ্রেপ্তার হওয়ার পর হরতালের সময় বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার সংলাপে সরকারের ‘সদিচ্ছা’ না থাকার প্রমাণ তুলে ধরেছে দাবি করে আগামীতে সরকারপতন আন্দোলনের বিকল্প কিছু আর না ভাবার ইঙ্গিত দিয়েছে বিএনপি।

দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “তারা (সরকার) ধরাকে সরা জ্ঞান করছে। তারা ভেবেছে, জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করে জাতিকে মুখ ও বধির দেবে, এটা হবে না।

“তাদের পতনের শেষ সাইরেন বেজে গেছে। এই সরকারের পতনের জন্য গ্রামে-গঞ্জে-ইউনিয়ন-ওয়ার্ডে আজ মানুষ প্রস্তুতি নিয়ে ফেলেছে।”

অন্যদিকে সংলাপের জন্য প্রধানমন্ত্রী টেলিফোন করার পরও হরতাল প্রত্যাহার না করায় বিএনপির সমালোচনা করে আসছিলেন সরকারি দলের নেতারা।

বিএনপি নেতাদের আটকের পক্ষে যুক্তি দেখিয়ে তথ্যমন্ত্রীর পর পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিও বলেছেন,‘অন্যায়ভাবে’ হরতাল ডেকে ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করায় সরকার বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে।

পাল্টাপাল্টি অবস্থান থেকে সরে নির্বাচনকালীন সরকার নিয়ে মতৈক্যে পৌঁছতে দুই প্রধান দলের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন  জাতিসংঘ মহাসচিবসহ কূটনীতিকরা।

তার মধ্যে দুই নেত্রীর ফোনালাপে রাজনৈতিক অঙ্গনে খানিকটা আশার সঞ্চার ঘটিয়েই অনিশ্চয়তা তৈরি করে। আবার হরতাল আসে বিরোধী দলের, এরপর এল বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার।

শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পাঁচটি জেলায় শনিবার হরতাল ডাকে বিএনপি,যা বিক্ষিপ্ত ভাংচুরের মধ্যদিয়ে শেষ হয়েছে। এরপর এখন শুরু হবে চার দিনের হরতাল।

তাদের আটকের পর রাতেই ঢাকায় কয়েকটি গাড়ি পোড়ানো হয়। শনিবার দিনেও আগুন দেয়া হয় কয়েকটি গাড়িতে, এর মধ্যে দুটি দোতলা বাসও রয়েছে।

আদালতে বিএনপি নেতারা, হৈ চৈ

পাঁচ নেতাকে নেতাদের নেয়ার আগে থেকে বিএনপি সমর্থক আইনজীবীদের সরকারবিরোধী স্লোগানে উত্তেজনা চলছিল পুরান ঢাকার আদালত পাড়ায়। সকালে আদালতের ফটকে তিনটি হাতবোমার বিস্ফোরণে আতঙ্কও ছড়ায়।

এর মধ্যেই বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপি নেতাদের নিয়ে আদালত প্রাঙ্গণে ঢোকে প্রিজন ভ্যান। প্রথমে তাদের নেয়া হয় কোর্ট হাজতে, আধা ঘণ্টা পর ঢাকার মহানগর হাকিম জয়নব বেগমের আদালতে নেয়া হয় তাদের।

ব্যারিস্টার রফিক-উল- হক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইনজীবীদের নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মো. মহসিন মিয়া আদালতে আগে থেকে ছিলেন। সেই সঙ্গে ছিলেন বিএনপি সমর্থক শতাধিক আইনজীবী।

এজলাসে পাঁচ নেতাকে ঢোকানোর পর কোন কোন আইনজীবী তাদের পক্ষে শুনানিতে অংশ নেবেন, তা নিয়ে  একদফা বদানুবাদ হয়। এরপর আইনজীবীরা বিচারকের কাছে পাঁচ নেতার বসার অনুমতি চাইলে অনুমতি দেন বিচারক। কাঠগড়ায় না দাঁড়িয়ে আইনজীবীদের স্থানে চেয়ারে বসেন তারা। 

হট্টগোলের মধ্যে রাষ্ট্রপক্ষে ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা গাফ্ফার আলম আসামিদের নামের আগে জনাব এবং ব্যারিস্টার উল্লেখ না করে নাম পড়তে থাকলে বিএনপির আইনজীবীরা হৈ চৈ শুরু করেন।

এই হট্টগোলের মধ্যেই আসামিদের পুরো নাম পড়ে তাদের যে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতে চাওয়া হয়েছে, তার এজাহার এবং হেফাজতের আবেদন পড়ে শোনান ওই পুলিশ কর্মকর্তা।

রিমান্ড চেয়ে আবেদন

রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু আসামিদের কেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি তা উল্লেখ করে বক্তব্য দেয়া শুরু করেন।

গত ৫ নভেম্বর হরতালের মধ্যে কমলাপুরে হাতবোমা বিস্ফোরণ,পুলিশের ওপর হামলা এবং ২৪ সেপ্টেম্বর মতিঝিলে আইডিয়াল স্কুল ও কলেজের সামনে গাড়ি ভাংচুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই নেতাদের।

আবদুল্লাহ আবু বলেন, কমলাপুরের ওই হোটেলের সামনে যে ঘটনা ঘটেছে, তার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী এই আসামিরা। তারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার উৎখাতের জন্য কী ধরনের পরিকল্পনা এঁটেছিলেন, তা জানতে তোদের জিজ্ঞাসাবাদ করা জরুরি।

টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সভা-সমাবেশে সরকারকে অবৈধ বলে সরকারি কর্মচারীদের আইন না মানার উস্কানিও আসামিরা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন।

ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পিপি খন্দকার আব্দুল মান্নানও পাঁচ আসামিকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিন হেফাজতে দেয়ার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হওয়ার আগেই সানাউল্লাহ মিয়া কারাগারে আসামিদের চিকিৎসা ও প্রথম শ্রেণির মর্যাদা পাওয়ার দাবি জানান। তখন অন্য পক্ষের আইনজীবীরা হৈ চৈ করে ওঠেন।

‘এই গ্রেপ্তার পলিটিক্যাল গেইম’

রাষ্ট্রপক্ষ হেফাজতে চেয়ে শুনানির পর তার বিরোধিতা করে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন বিএনপি নেতাদের আইনজীবীরা। শুনানিতে ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, এই নেতাদের গ্রেপ্তার একটা ‘পলিটিক্যাল গেইম’।

শুরুতে শুনানিতে সানাউল্লাহ মিয়া আসামিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় তুলে ধরে রিমান্ড নাকচ করে জামিন চান।

তারপর খন্দকার মাহবুব হোসেন বলেন,“যে কোনো সভ্য দেশে যখন সংসদ অধিবেশন চলে, তখন কাউকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি প্রয়োজন হয়। এ ক্ষেত্রে তার অনুমতি নেয়া হয়নি। কোথায় স্পিকার? কোথায় আমাদের গণতন্ত্র? এ বিষয়গুলোর আগে বিচার হওয়া উচিৎ।”

“আমরা অনেক রকমের গণতন্ত্র দেখেছি। এ রকম ন্যক্কারজনক গণতন্ত্র দেখিনি। জামিন দিলে এরা পালিয়ে যাবেন না। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার জন্য আল্লাহর দোহাই এদের জামিন দেয়া হোক,” বলেন আইনজীবীদের এই নেতা।

তিনি আদালতকে জামিন ও রিমান্ড সংক্রান্ত বিভিন্ন আইনের বিশ্লেষণ পড়ে শোনানোর পর শুনানির জন্য দাঁড়ান রফিক-উল-হক।

তিনি বলেন, “সংসদ বসার সাত দিন আগে ও সাত দিন পরে সাংসদরা অনেক ছাড় পান। এ সময় তাদের গ্রেপ্তারও করা যায় না। তাদের গ্রেপ্তার একটা পলিটিক্যাল গেইম। তারা কোনো ক্রাইম করেননি।”

এর পর শুনানিতে এ জে মোহাম্মদ আলী জামিন ও রিমান্ড সংক্রান্ত আইনের ব্যাখ্যা ও এ বিষয়ে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন।

তিনি বলেন, “এ ধরনের শুনানিতে  প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কেইস ডকেট থাকতে হয়, থাকতে হয় সুনির্দিষ্ট অভিযোগ অর্থাৎ কোন আসামি কী অপরাধ করেছেন, তার বর্ণনা। তা এখানে নেই।”

“এ আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই। আর এই আসামিরা জামিনে গেলে সাক্ষীদের হুমকি দেবে কি না, কোনো আলামত নষ্ট করে ফেলবে কি না, তার কোনো উল্লেখ নেই রিমান্ডে আবেদনে।”

শুনানির এই পর্যায়ে সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ অন্য আইনজীবীদের সঙ্গে উত্তেজিত হয়ে কথাকাটাটিতে জড়িয়ে পড়েন। পরে শান্ত হন তিনি।

এরপর মাসুদ আহমেদ তালুকদার আসামি এম কে আনোয়ারের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করেন। এ সময় মাসুদ বক্তব্য দিতে গেলে হৈ চৈ শুরু হলে বিচারক  আবার সবাইকে থামার অনুরোধ জানিয়ে বলেন, “আমি ন্যায়সঙ্গত আদেশই দেব, ধৈর্য ধরুন।”

শুনানি পিছিয়ে দ্রুত খাস কামরায় বিচারক

উভয় পক্ষের শুনানির পর বিচারক এজলাসে দাঁড়ানো আদালতের পুলিশের কর্মকর্তাদের বলেন, “মামলার ‘কেইস ডকেট’ নেই কেন? এ প্রয়োজনীয় কাগজপত্রগুলো ছাড়া তো আমি রিমান্ডের বিষয়ে কোনো আদেশ দিতে পারব না।”

বিচারক শুনানির জন্য অন্য একটি দিন ঠিক করার কথা বললে আসামিদের আইনজীবীরা তুমুল প্রতিবাদ করে ওঠেন।

এর মধ্যেই আগামী বৃহস্পতিবার প্রয়োজনীয় কাগজপত্রসহ রিমান্ড শুনানির আদেশ দিয়ে দ্রুত আসন ছেড়ে খাসকামরায় চলে যান জয়নব বেগম, তখন সময় বিকেল ৫টা।

দুই মামলায় গ্রেপ্তার

বিএনপি নেতাদের শুক্রবার রাতে আটক করা হলেও তাদের বিরুদ্ধে কী অভিযোগ, সে বিষয়ে কিছুই বলছিল না পুলিশ। আটকের পর তাদের নেয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে।

শনিবার বেলা ৩টার দিকে আদালতে নেয়ার জন্য বের করার আগ পর্যন্ত সেখানেই ছিলেন পাঁচ নেতা। ওই সময় পর্যন্ত কোনো বিএনপি নেতা কিংবা আইনজীবী তাদের সঙ্গে দেখা করতে যাননি। আর কয়েক নেতার স্বজন দেখা করতে গিয়েও বিফল হন।

মওদুদ, আনোয়ার ও রফিককে রাত সোয়া ৮টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। গুলশানে খালেদা জিয়ার বাড়ি থেকে বের হওয়ার সময় মধ্যরাতে আটক করা হয় মিন্টু ও শিমুলকে।

বিএনপির শীর্ষ নেতাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ কর্মকর্তারা ইঙ্গিত দিলেও কোন মামলা সে ব্ষিয়ে কোনো পুলিশ সদস্য মুখ খুলছিলেন না।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে।”

সেই সুনির্দিষ্ট অভিযোগ কী, সকালে প্রশ্ন করেও কোনো কর্মকর্তার কাছে উত্তর পাওয়া যায়নি।

নেতাদের কখন আদালতে নেয়া হবে- জানতে চাইলে মাসুদুর রহমান সকালে বলেন, ‘যথাসময়ে’।

এরপর দুপুরে তিনি সাংবাদিকদের জানান, মতিঝিল থানায় পুলিশ বাদি হয়ে করা দুটি মামলায় আটক নেতাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর এবং ৫ নভেম্বর এই মামলা দুটি হয়। আটক  পাঁচ বিএনপি নেতাকে ওই সব ঘটনার ‘পরিকল্পনাকারী ও নির্দেশদাতা’ হিসেবে দেখানো হয়েছে।

৫ নভেম্বর মতিঝিল থানার এসআই একেএম আজিজুল হক বাদি হয়ে ৭৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি একটি মামলা করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

মামলায় বলা হয়, গত ৫ নভেম্বর ১৮ দলীয় জোটের ডাকা হরতালে বিএনপিসহ জোটের নেতাকর্মীরা কমলাপুর নিউ আনার বেকারি হোটেলের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের ওপর আক্রমণ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা এবং বিস্ফোরিত ৩/৪টি বোমার খোসা উদ্ধার করা হয়।

২৪ সেপ্টেম্বর এসআই হুমায়ুন কবির হওলাদার বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ৮০-৯০ জনকে আসামি করে অন্য মামলা করেন। এর তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার জাহিদ আলী।

মামলার এজাহারে বলা হয়, তথ্যমন্ত্রীর বাসায় বোমা হামলার মামলায় অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে ২৪ সেপ্টেম্বর ১৮ দলীয় জোটের ঝটিকা মিছিল থেকে মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনে হাতবোমা ফাটানো হয়। ওই সময় পাঁচটি গাড়ি ভাংচুর করা হয় এবং গাড়ির চালকদের হত্যার চেষ্টা চালানো হয়।

এই দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ নেতার প্রত্যেককে ১০ দিন করে ২০ দিন হেফাজতের আবেদন জানিয়ে পাঁচ নেতাকে পাঠানো হয় আদালতে। বেলা ৩টার দিকে তাদের নিয়ে একটি প্রিজন ভ্যান বের হয় পুরান ঢাকার আদালত পাড়ার পথে।

(এই প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কামাল আহমেদ তালুকদার, গোলাম মুজতবা ধ্রুব, আশিক হোসেন)