২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টুকে গ্রেপ্তারে ব্যবসায়ী নেতাদের হতাশা

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান দুই দলকে সংলাপে বসানোর উদ্যোগের মধ্যেই এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর গ্রেপ্তারে ঘটনায় হতাশা প্রকাশ করেছেন কয়েকজন ব্যবসায়ী নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 09:47 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শনিবার এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে হতাশা প্রকাশ করে বলেন, তাকে গ্রেপ্তারের ঘটনায় তারা আশাহত ও ব্যথিত হয়েছেন।

আব্দুল আউয়াল মিন্টু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

মীর নাসির বলেন, “আমরা ব্যাবসায়ীরা দেশের স্থিতিশীলতার জন্য দলমত নির্বিশেষে কাজ করছি। দুই দলের সমঝোতার উদ্যোগেও সবাই একসাথে ছিল। সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিন্টু সাহেব আমাদের সঙ্গে ছিলেন। তাকে গ্রেপ্তারের ঘটনায় আমরা আশাহত ও ব্যথিত।”

শুক্রবার তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি আনিসুল হক শিগগির আব্দুল আউয়াল মিন্টুকে মুক্তি দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি একজন দেশপ্রেমিক মানুষ। ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য যে উদ্যোগ নিয়েছিল সে কারণে তাকে আটক করা হয়েছে তা আমি মনে করি না।

“শীর্ষ একজন নেতাকে আটক করায় অন্যান্য ব্যবসায়ীরা কিছুটা হয়তো হতাশ হবে। আমি আশা করি সামগ্রিক বিষয় বিবেচনা করে সরকার তাকে দ্রুত মুক্তি দেবে।”

এদিকে বিষয়টি নিয়ে এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চট্টগ্রাম থেকে ঢাকা ফিরছি। ঢাকা ফিরে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেব।”