২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ জেলায় শনিবার বিএনপির হরতাল

দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ভোলা ও পাবনা জেলা এবং কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর ছয় উপজেলায় শনিবার হরতাল ডেকেছে বিএনপি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2013, 02:47 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

শুক্রবার বিকালে ১৮ দলীয় জোটের বৈঠকের পর রোববার থেকে তিন দিনের হরতালের ঘোষণা দেন  বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়াকে কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে গভীর রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু ও বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসকে।

এর প্রতিবাদে রাতেই ভোলা ও পাবনা জেলা, কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলা; নোয়াখালীর সদর পূর্বাঞ্চল, কবিরহাট ও কোম্পানীগঞ্জে এবং ফেনীর দাগনভূইয়া উপজেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে স্থানীয় বিএনপি।

ভোলা

শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তার ও অন্যান্য নেতাদের বাড়িতে পুলিশের তল্লাশির প্রতিবাদে শনিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কুমিল্লা

কুমিল্লার সাংসদ এমকে আনোয়ারসহ তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লা জেলার হোমনা ও তিতাস উপজেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

নোয়াখালী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালীর সদর পূর্বাঞ্চল, কবিরহাট ও কোম্পানীগঞ্জে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম ও কবিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিটন চৌধুরী হরতালের বিষয়টি জানিয়ে বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা এ হরতালের আওতামুক্ত থাকবে।

শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার রাতে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় একটি বাসে অগুন ও বেশকিছু যানবাহনে ভাংচুরও  চালানো হয়।

সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, জেলা শহরের পৌর বাজারের সামনে একটি বাসে আগুন দেয় বিএনপি কর্মীরা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া বিএনপিকর্মীরা কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা সদরে অটোরিকশা, বাস, ট্রাক ও মটরসাইকেল ভাংচুর করে।

ফেনী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে ফেনীর দাগনভূইয়া উপজেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মিন্টুর গ্রেপ্তারের খবর পাওয়ার পর তার গ্রামের বাড়ি দাগনভূইয়া উপজেলায় এই হরতাল ডাকা হয়।

পাবনা

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে তারাও শনিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন।