কর্মসূচি ঠিক করতে বসছেন ১৮ দলের মহাসচিবরা
দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিন হরতালের পর নতুন কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসতে যাচ্ছেন ১৮ দলের মহাসচিবরা।
জোটের বৃহত্তম দল বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের পর শুক্রবার বিকালে এই বৈঠক হতে যাচ্ছে।
গত দুই সপ্তাহের মতো আগামী সপ্তাহেও হরতাল কর্মসূচি আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বিএনপির এক নেতা আভাস দিয়েছেন, এবার ৭২ ঘণ্টা হরতাল দেয়া হতে পারে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকের পর নির্দলীয় সরকারের দাবিতে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
বেলা সাড়ে ৩টায় মহাসচিবদের এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দশম সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। তবে তা মানতে নারাজ আওয়ামী লীগের প্রস্তাব নির্বাচনকালীন সর্বদলীয় সরকার।
নির্বাচনের কয়েক মাস আগেও দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে।
কূটনীতিকসহ বিভিন্ন মহলের তাগিদের মধ্যে সংলাপের উদ্যোগের অংশ হিসেবে গত ২৬ অক্টোবর খালেদা জিয়াকে টেলিফোন করে আলোচনার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হরতালের মধ্যে সে আমন্ত্রণ গ্রহণ করতে অসম্মতি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, হরতাল শেষে আলোচনা করতে তিনি রাজি।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়, ফাইল ছবি
এর মধ্যে বিরোধী দল নতুন করে হরতালের ডাক দিলে সরকারের পক্ষ থেকে বলা হয়, সংলাপ চাইলে আর কখনো হরতাল না করার ঘোষণা দিতে হবে।
এর পাল্টায় বিরোধী দলের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
এর মধ্যে ব্যবসায়ী নেতারা মহাসচিব পর্যায়ে বৈঠকের একটি প্রস্তাব নিয়ে দুই নেত্রীর সঙ্গে দেখা করলেও তা এখনো আলোর মুখ দেখেনি।
সংলাপ না হওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করলেও প্রধানমন্ত্রী সর্বশেষ বৃহস্পতিবারও বলেন, বিরোধীদলীয় নেতার আমন্ত্রণ বহাল আছে, তিনি চাইলেই গণভবন যেতে পারেন।
অন্যদিকে সংলাপে সরকারের সদিচ্ছা নেই বলে খালেদা জিয়ার অভিযোগ। আলোচনায় রাজি আছেন জানিয়ে তিনি বৃহস্পতিবারও বলেন, তাদের আন্দোলন চলবে।
