২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির সদস্যদের মত শুনলেন খালেদা

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী কর্মসূচি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 12:49 AM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার রাতের এই বৈঠকের পর ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে আলোচনা শেষে কর্মসূচি চূড়ান্ত হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।  শুক্রবার বিকালে ১৮ দলের মহাসচিবরা বৈঠকে বসছেন।

গত দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিন হরতালের পর দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের আগে খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া ভিডিও বক্তৃতায় সরকারবিরোধী ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো না হলেও বৈঠকে অংশ নেয়া নীতি-নির্ধারকদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, লাগাতার হরতালের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ নেতা।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন।

এছাড়াও ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান।

বুধবার  হরতাল শেষে সংবাদ সম্মেলনে ফখরুল বলেছিলেন, ১৮ দলের পরবর্তী কর্মসূচি ‘শিগগিরই’ জানানো হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় না এলে রাজপথেই ফয়সালা হবে।

বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এই দাবি মানতে নারাজ। তারা বলছেন, ছাড় দিয়ে সর্বদলীয় সরকার হতে পারে।

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে বিরোধীদলীয় নেতাকে সংলাপের আমন্ত্রণ জানান। তবে হরতালের পর সেই আমন্ত্রণ রক্ষা করতে রাজি থাকার কথা জানান খালেদা জিয়া।

এরপর সংলাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার সংলাপ চায় না বলে নতুন করে কোনো উদ্যোগ নিচ্ছে না।

এর মধ্যে মহাসচিব পর্যায়ে আলোচনা একটি প্রস্তাব নিয়ে দুই দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে শীর্ষ ব্যবসায়ী নেতারা।

পুরনো খবর:

আলোচনার দরজা বন্ধ করিনি: খালেদা