২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি-বাসদের জনসভা শুক্রবার

যুদ্ধাপরাধের রায় দ্রুত বাস্তবায়ন ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ কয়েকটি দাবিতে রাজধানীতে জনসভা করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

শুক্রবার বেলা ৩টায় সোহরাওয়ার্দি উদ্যানের শিখা চিরন্তন চত্বরে এই জনসভার আয়োজন করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক সংকট নিরসনে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ গ্রহণ, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা ও রায় দ্রুত কার্যকর করা,  জামায়াত-শিবির নিষিদ্ধ করা,  রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করা, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করাসহ জনজীবনের সংকট নিরসনের দাবিতে এবং আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার ডাক দিয়ে এ জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভায় সিপিবির সভাপতি  মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ দুই দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।